পাঁচটি শিরোপা জিতলেও ট্রফির তাড়না কমবে না আর্তেতার
২০৫৯ দিনের ট্রফি খরা মেনে নেওয়া কঠিন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালের আগে বললেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা।
কোচের দায়িত্ব নেওয়ার সাত মাস পরই আর্সেনালকে ট্রফি এনে দিয়েছিলেন মিকেল আর্তেতা। তখন কে ভাবতে পেরেছিল, পরের ছয় বছরেও আর ট্রফির স্বাদ তিনি পাবেন না! ২০৫৯ দিনের দীর্ঘ এই শিরোপা খরা ঘুচিয়ে দেওয়ার সুযোগ এখন তার দলের সামনে। তবে কোচ এটিও পরিষ্কার জানিয়ে দিলেন, এই ট্রফি জিতলে কিংবা আরও গোটা চারেক জিতলেও তার শিরোপার তাড়না কমবে না এতটুকুও।
২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের কোচের দায়িত্ব নেন আর্তেতা। ওই মৌসুমে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জয় করে তার দল। আর্সেনালের হয়ে অধিনায়ক ও কোচ, দু্ই ভূমিকাতেই এই টুর্নামেন্ট জয়ের প্রথম নজিরও গড়েন তিনি। ৩৩ বছরের মধ্যে আর্সেনালের প্রথম কোচ হিসেবে প্রথম মৌসুমেই ক্লাবকে এনে দেন একটি ট্রফি।
এরপর মৌসুমের পর মৌসুম পেরিয়ে গেছে। আর্তেতা আর আর্সেনালের দীর্ঘশ্বাসই কেবল দীর্ঘতর হয়েছে। সেই হতাশার প্রহর শেষ করার একটি সুযোগ রোববার। লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে আর্তেতার দল।
ফাইনালের আগে আর্সেনালের কোচ তুলে ধরলেন, এই ট্রফি জয়ের আকাঙ্ক্ষা তাদের কতটা তীব্র।
“অবশ্যই জেতার ইচ্ছাটা সবসময়ই ছিল এবং একটি, দুটি, তিনচি বা পাঁচটি (ট্রফি) জিতলেও সেটা বদলায় না। কিন্তু, হ্যাঁ, এটা (ট্রফি খরা) মেনে নেওয়া কঠিন, কারণ আমি যখন যে প্রতিযোগিতায় অংশ নিই, সবসময় তা জিততে চাই।”
“যখন কেউ এই অবস্থানে থাকে এবং বছরের পর বছর কোনো ট্রফি জেতে না, তখন স্বাভাবিকভাবেই (জয়ের) প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়, কিন্তু পাশাপাশি এটা আরও বেশি প্রেরণা জোগায়, কারণ সত্যিই এটার তাড়না থাকে। আমাদেরও সেই তাড়না আছে। এটা (ট্রফি জয়) আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ এবং এমন কিছু, যা আমরা বেশ কিছুদিন ধরে অর্জন করার চেষ্টা করছি এবং এখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে।”
তবে তাড়না থাকা মানেই তো আর সাফল্যের নিশ্চয়তা নয়। প্রতিপক্ষ দলও তো জয়ের প্রবল ইচ্ছে নিয়েই মাঠে নামবে। সেই বাস্তবতাও জানেন আর্তেতা। আর্সেনাল কোচের চাওয়া, তার দল যেন সামর্থ্যের সবটুকু উজাড় করে দেয়।
“খেলাধুলায় এটাও বুঝতে হবে যে, কখনও কখনও অন্য ফুটবলাররা এবং অন্য দল আপনার চেয়ে ভালো হতেই পারে। এখানে যা করতে হবে, তা হলো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সর্বস্ব দিয়ে তাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করা। আমরা সেটার পিছু ছুটছি।”
