২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ভারতে এসেছি’, বললেন বাংলাদেশ কোচ

নিজেদের মাঠে খেলা ভারতকে একটু বেশিই সমীহ করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার।

‘শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ভারতে এসেছি’, বললেন বাংলাদেশ কোচ
দলের সামনে দারুণ কিছু করার হাতছানি দেখছেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। ছবি: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

মুকুট জয়ের চেয়ে ধরে রাখার কঠিন কাজটিই বাংলাদেশ ২০২৪ সালে করেছিল পিটার জেমস বাটলারের হাত ধরে। আবারও সেই কঠিন পরীক্ষা দিতে হবে জাতীয় নারী ফুটবল দলের এই কোচকে। ছয় দল ও অধিনায়কের নিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে বাটলার স্পষ্ট উচ্চারণে বলে দিলেন, তিনি এবং তার দল প্রস্তুত সব বাধা পেরিয়ে যেতে।

বাংলাদেশ কোচের এই আত্মবিশ্বাসের ভিত তৈরি হয়েছে নানা কারণে। তার হাত ধরেই প্রথমবারের মতো জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল প্রথমবারের মতো খেলেছে এশিয়ান কাপের মূল পর্বে। সেখানে চমক দেখাতে না পারলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছে মেয়েরা। 

ভারতের গোয়ায় সোমবার থেকে শুরু হতে যাওয়া সাফ নিয়েও প্রস্তুতির কমতি ছিল না বাংলাদেশের। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে অনুশীলনের পর থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের নিবিড় ক্যাম্প করেছে দল। সেখানে স্থানীয় দলের সাথে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন মারিয়া-ঋতুপর্ণরা। 

বাটলারের মনে হচ্ছে, মুকুট ফিরে পেতে মরিয়া ভারতের মতোই প্রস্তুতি তারা নিয়েছেন মুকুট ধরে রাখার লক্ষে। গ্রুপের দুই প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ কাউকেই হালকাভাবে নিচ্ছেন না তিনি। 

“এশিয়ান গেমসের সিনিয়র এবং অবশ্যই অনূর্ধ্ব-২০ দল থেকে ফিরে আসার পর আমাদের প্রস্তুতি সম্ভবত ভারতের মতোই ছিল। আমরা আবার থাইল্যান্ডে ফিরে যাই এবং সেখানে ১২ দিনের প্রস্তুতি নিই। সেখানে আমরা কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। তো, হ্যাঁ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং আপনারা জানেন যে, আমরা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই এখানে এসেছি।”

“আমার মনে হয়, প্রতিটি দিনকে আলাদাভাবে বিবেচনা করতে হবে। প্রতিটি দলকে তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। অবশ্যই ভারত একটি শক্তিশালী দল, তাদের ভালো খেলোয়াড় রয়েছে। তারা বেশ গোছানো দল এবং নিজেদের মাঠে খেলছে। আশা করি রেফারিরাও নিরপেক্ষ থাকবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি ভারত এবং মালদ্বীপ-উভয় দলকেই একইভাবে বিবেচনা করছি। আমরা উভয় দলকেই সম্মান করি এবং আমরা যাদের বিপক্ষেই খেলি না কেন, এই নীতি বজায় থাকবে। আমি কেবল মনে করি, আমাদের নিজেদের গেম প্ল্যান ঠিক রাখতে হবে, নিজেদের সুসংগঠিত রাখতে হবে এবং যতটা সম্ভব পেশাদারিত্ব ও দক্ষতার সাথে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

গত মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া এশিয়ান কাপে চমক দেখাতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতে হেরেছিল দল। তবে, চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ থেকে মেয়েরা অনেক কিছু শিখেছে বলে বিশ্বাস বাটলারের। 

“প্রথমত, আমি মোটেও মনে করি না যে সেটি (এশিয়ান কাপের হার) কোনো হতাশার বিষয় ছিল। আমার মতে, আমরা বেশ প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছি। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় ছিল, এবং বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আমরা অনূর্ধ্ব-২০ ও সিনিয়র—উভয় দলের জন্যই বাছাইপর্ব পার করেছিলাম। তাই আমি এটিকে কোনোভাবেই হতাশা হিসেবে দেখি না; আমি এটিকে চলমান একটি প্রক্রিয়া হিসেবেই বিবেচনা করি। এই যাত্রাপথে এটি আরেকটি মাইলফলক।”

 “ওই টুর্নামেন্টগুলো থেকে পাওয়া শিক্ষাগুলো একেবারে বাস্তবসম্মত। কোরিয়া এবং চীনের বিপক্ষে আমরা সত্যিই খুব প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছিলাম। এমনকী অনূর্ধ্ব-২০ দলের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। কারণ আমাদের অনেক অনূর্ধ্ব-২০ মেয়ে খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় দলের সিনিয়র গ্রুপেও অংশগ্রহণ করছে এবং বেশ সক্রিয় ভূমিকা পালন করছে।”

ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সাফে হ্যাটট্রিক করা সুযোগ এবার বাংলাদেশের সামনে। এই হাতছানিকে চাপ নয়, বরং দারুণ কিছু করে দেখানোর সুযোগ বলেই মানছেন বাটলার। 

“ঐতিহাসিকভাবে যা ঘটেছে, তা এখন অতীত। আমরা এগিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমাদের দলে কিছু নতুন ও তরুণ খেলোয়াড় যুক্ত হয়েছে, আপনারা জানেন মারিয়াকে (মান্দা) অধিনায়ক করা হয়েছে, সে সামনে থেকে নেতৃত্ব দেবে। আমি সত্যিই অনুভব করি যে, এটি খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণ করার এবং তার চেয়েও বড় কথা, ইতিহাস গড়ার একটি দারুণ সুযোগ।”