মারিয়াদের ম্যাচ রাতে, সকালে দলে যোগ দিলেন ভিডিও অ্যানালিস্ট!
দায়িত্বে না থাকলেও আগে থেকে ভারত, নেপাল নিয়ে কিছু কাজ এগিয়ে রেখেছিলেন বলে জানালেন ভিডিও অ্যানালিস্ট মেহেদী হাসান সিদ্দিক।
আধুনিক ফুটবলে যে কোনো দলের সাথেই একজন ভিডিও এনালিস্ট থাকা অপরিহার্য। কিন্তু, বিস্ময়কর হলেও সত্য, উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতের গোয়ায় আসা বাংলাদেশ দলের সাথে এতদিন ছিল না কোনো ভিডিও অ্যানালিস্ট! অবশ্য দেরিতে হলেও ঘুম ভেঙেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। তড়িঘড়ি করে তারা নিয়োগ দিয়েছে মেহেদী হাসান সিদ্দিককে, যিনি এর আগেও ছেলে-মেয়ে উভয় দলের সাথে কাজ করেছেন।
ঢাকা থেকে উড়াল দিয়ে বৃহস্পতিবার সকালে দলের সাথে যোগ দিয়েছেন মেহেদী। রাত ৮টায় গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের আগে তাই খুব বেশি কাজের সুযোগ পাচ্ছেন না মেহেদী।
ভিডিও অ্যানালিস্টের কাজের পরিধি বিস্তৃত। খেলোয়াড়দের প্রতিটি মুভমেন্ট রেকর্ড করা, পরবর্তীতে সেগুলো বিশ্লেষণ ও পর্যালোচনা করে তাদের শক্তি, দুর্বলতা বের করা এবং করণীয় ঠিক করার কাজগুলো তো বটেই, প্রতিপক্ষ দলের নির্দিষ্ট খেলোয়াড় ধরে পর্যবেক্ষণ তুলে ধরার মতো গুরুত্বপূর্ণ কাজ ছাড়াও আরও অনেক কিছু করতে হয় একজন ভিডিও এনালিস্টকে। অথচ, গত ডিসেম্বরের পর থেকে মেহেদীকে দায়িত্বে রাখেনি বাফুফে।
গত উইমেন’স সাফে পিটার জেমস বাটলারের সাথে কাজ করা মেহেদীকে কদিন আগে নিয়োগ দেয় বাফুফে। নিয়োগ প্রক্রিয়া দেরিতে হওয়ায় তিনি দলের সাথে থাইল্যান্ডের ব্যাংককেও যেতে পারেননি, ভিসা পেতে দেরি হওয়ায় ভারতেও আসতে পারছিলেন না। অবশেষ জট খুলেছে। রাতে ম্যাচ খেলতে নামা বাংলাদেশ দল ভিডিও অ্যানালিস্ট পেয়েছে সকালে।
দেরিতে দলে যোগ দিলেও কিছু কাজ এগিয়ে রেখেছিলেন বলে জানালেন মেহেদী। কোচ পিটার জেমস বাটলারের সাথে অতীতে কাজ করার অভিজ্ঞতা থাকায় কিছু নির্দেশনা তিনি পেয়েছিলেন আগেই। সেই অনুযায়ী সাফে মালদ্বীপের বিপক্ষে ভারতের ১১-০ গোলে জেতা ম্যাচ এবং নেপাল ও ভুটানের দল নিয়ে কিছু কাজ করে রেখেছিলেন বলে জানালেন তিনি।
“আমি মূলত নেপাল, ভুটান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত দল নিয়ে কাজ করেছি। এদের সবশেষ পাঁচ-ছয়টা ম্যাচ দেখেছি। এই প্রক্রিয়ার মধ্যে আমি সবসময় কোচের সাথে যোগাযোগ রেখেছিলাম, ফলে জানতাম, সে কোন জিনিসগুলা চায়। আমার কী পর্যবেক্ষণ বিশেষ করে মালদ্বীপ-ভারত ম্যাচ নিয়ে, যেটা আমি ইউটিউবে দেখেছি, সেগুলো আমি কোচকে সরাসরি বলব। আসলে ডাটাগুলো পাঠালে হয় না, ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে, নির্দিষ্ট দল ও তাদের খেলোয়াড় ধরে ধরে তথ্য-উপাত্তসহ জানাতে হয়, এজনই সরাসরি বসতে হয়।”
“যেমন, আমার পর্যবেক্ষণ, ভারত একটা দল হিসেবে তৈরি হচ্ছে। একটা রেডি সেট-আপ যেটা থাকে, যে একটা দলে সেরা একাদশে আমরা নির্দিষ্ট খেলোয়াড়দের খেলায়, কিন্তু ভারত এরকম করছে না। সাফের আগে ওরা ত্রিদেশীয় সিরিজ খেলেছে, কেনিয়া ও মালাউইয়ের সাথে, কিন্তু ওই ম্যাচের সেরা একাদশের সাথে মালদ্বীপ ম্যাচের একাদশের অনেক অমিল ছিল। ওরা অনেক বিকল্প মাথায় রেখে ওদের কাজগুলো চালাচ্ছে।”
ঋতুপর্ণা-মারিয়াদের নিয়ে আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় এবারও খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন মেহেদী।
“এই মেয়েদের সাথে আমি গত সাফেও কাজ করেছি। ইনশাল্লাহ আমরা ভালো করব। আমাদের মেয়েরা অনেক বেশি ডেডিকেটেড, মোটিভেটেড এবং ওরা অনেক বেশি পরিণত এখন। গত দুই বছর ধরে টানা টুর্নামেন্টের ভিতরে আছে এবং তারা জানে কিভাবে সাফল্য পেতে হয়। ম্যাচের আগে একটা প্রেজেন্টেশন আছে এবং আমি চেষ্টা করব প্রেজেন্টেশন দিতে।”
