Published : 10 Jul 2026, 11:39 PM
রেয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী সোমবার। ইউরোপের সফলতম ক্লাবটির নতুন কোচ জোসে মরিনিয়ো অবশ্য ইতোমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন। গত মাসে নিয়োগ পাওয়া অভিজ্ঞ পর্তুগিজ কোচ তার কোচিং স্টাফের সদস্যদের নিয়ে শুক্রবার প্রথমবার আসেন ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে। বলেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় মেয়াদে ক্লাবের সঠিক সংস্কৃতি তৈরির ‘মিশনে’ রয়েছেন তিনি।
গত মাসে তিন বছরের জন্য মরিনিয়োর হাতে দলের দায়িত্ব তুলে দেয় রেয়াল। ৬৩ বছর বয়সী কোচ শুক্রবার রেয়াল মাদ্রিদ টিভিকে বললেন, এই ক্লাব তার কাছে কতটা আপন।
“আমার দারুণ আত্মবিশ্বাস আছে এবং এই ক্লাবকে ভালোবাসার এক দৃঢ় অনুভূতি আমার আছে। ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ এটা একটা মিশনের মতো মনে হচ্ছে।”
প্রথমে কার্লো আনচেলত্তি এবং এরপর শাভি আলোন্সো ও আলভারো আরবেলোয়ার কোচিংয়ে টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা ছাড়া কেটেছে রেয়ালের। দলকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়ে এখানে ফিরেছেন মরিনিয়ো।
“নিজেকে নিয়ে চিন্তা করা বা আমি বেশি জিতব না কম জিতব, তা নিয়ে ভাবার বিষয় এটা নয়। আমি এখানে এসেছি সবাইকে আরও ভালো হতে সাহায্য করতে: খেলোয়াড়দের, স্টাফদের… উচ্চাকাঙ্ক্ষার একটি সংস্কৃতি তৈরি করতে এবং এমন কিছু, যা আমি খুব ভালোভাবে জানি- দায়িত্ব ও রেয়াল মাদ্রিদের হয়ে কাজ করার সম্মান।
“এই ধারণাটি আমার সত্যিই খুব পছন্দ। এখানে বিষয়টা রেয়াল মাদ্রিদে কাজ করা নয়; রেয়াল মাদ্রিদের জন্য কাজ করা। আর এই মনোভাব নিয়েই আমি এখানে এসেছি।”
গ্রীষ্মকালীন দলবদলে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া, ইব্রাহিমা কোনাতে, দেঞ্জেল দেম্ফ্রিস ও মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে দলে নিয়েছে রেয়াল। মরিনিয়ো বললেন, তার কাজ শুরু গেছে আরও আগে থেকে।
“আমরা অনেক কাজ করছি। এমন নয় যে, আজ এখানে এসেছি আর সবকিছু এখন শুরু হচ্ছে। আমরা অনেক দিন ধরে ক্লাবের বিভিন্ন স্তরের কাঠামো নিয়ে কঠোর পরিশ্রম করে আসছি। আজকের দিনটি মূলত, যা যা করা হয়েছে এবং আমাদের আর কী কী করতে হবে, তা যাচাই করার মধ্যে কেটেছে।”
২০১০ সালে প্রথম দফায় রেয়ালের দায়িত্ব নেন মরিনিয়ো। ২০১৩ সালে বিদায় নেওয়ার আগ পর্যন্ত দলটিকে তিনি এনে দেন একটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ কাপ। তিনবারই দলকে তোলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।
আগামী মাসের প্রথম দিন অস্ট্রিয়ায় ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে রেয়াল, যা হবে মরিনিয়োর প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচ।