২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যাচের আগে ডর্টমুন্ড শিবিরে সুখবর

এছাড়া, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন দলটির মিডফিল্ডার এমরে কান ও ডিফেন্ডার ইয়ান মাটসেন।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যাচের আগে ডর্টমুন্ড শিবিরে সুখবর
বরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার মার্সেল সাবিৎজার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ঘরোয়া লিগে সময়টা একেবারেই ভালো কাটছে না বরুশিয়া ডর্টমুন্ডের। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দারুণ কিছুর সম্ভাবনা উঁকি দিচ্ছে দলটিতে। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে পিএসজির মুখোমুখি হওয়ার আগে সুখবরও পেয়েছে তারা; সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মার্সেল সাবিৎজার ও ডোনিয়েল মালেন।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগে বুধবার ঘরের মাঠে খেলবে বরুশিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়। এই ম্যাচে মিডফিল্ডার সাবিৎজার ও ফরোয়ার্ড মালেনের খেলার সম্ভাবনা আছে বলে আগের দিন জানান কোচ এদিন তেরজিচ।

“মার্সেল (সাবিৎজার) ও ডোনিয়েল (মালেন) অনুশীলনে অংশ নিয়েছে। আমরা আশা করি, তারা আগামীকাল আমাদের লড়াইয়ে অংশ হবে। মার্সেল ভালো বোধ করছে এবং অসুস্থতার আগে সে যেমন ফর্মে ছিল তাকে সেভাবেই আমাদের চাই।”

শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন অস্ট্রিয়ার সাবিৎজার। আর গত মাসে জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পান ডাচ খেলোয়াড় মালেন।

এছাড়া, নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরবেন জার্মান মিডফিল্ডার এমরে কান ও ডাচ ডিফেন্ডার ইয়ান মাটসেন। 

এবারের বুন্ডেসলিগায় একের পর এক হোঁচট খাচ্ছে ডর্টমুন্ড। সবশেষ গত শনিবার লাইপজিগের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা। আর এই হারে দলটির শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশায় লেগেছে বড় ধাক্কা।

৩১ রাউন্ড শেষে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ডর্টমুন্ড। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে লাইপজিগ।