২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের অপরাধে শাস্তি পেল আতলেতিকো

স্প্যানিশ ক্লাবটিকে মোট ৪০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

সমর্থকদের অপরাধে শাস্তি পেল আতলেতিকো
আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের এক অংশ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে নিজেদের সমর্থকদের ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক’ আচরণের দায়ে শাস্তি পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে, আতলেতিকোর সমর্থকদের প্রতিপক্ষের মাঠে উপস্থিতির ওপর এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়ার কথা শুক্রবার জানায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

গত মাসে ইউরোপ সেরার মঞ্চে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ৪-০ গোলে হেরে যায় আতলেতিকো মাদ্রিদ।

ম্যাচটিতে আতলেতিকোর কয়েকজন সমর্থক মাঠে কিছু বস্তু নিক্ষেপ করেন। যে কারণে লা লিগার ক্লাবটিকে অতিরিক্ত ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

আর আতলেতিকোর সমর্থকের কাছে একটি অ্যাওয়ে ম্যাচের টিকেট বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা এক বছরের জন্য স্থগিত থাকবে।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে গত বুধবার ঘরের মাঠে ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় আতলেতিকো। আগামী ১০ ডিসেম্বর ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের মাঠে খেলবে তারা।

প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বাদশ স্থানে আছে আতলেতিকো।