১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ অভিযান শুরুর আগে মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

উত্তরসূরিদের জন্য শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী তারকা।

বিশ্বকাপ অভিযান শুরুর আগে মেসিদের জন্য দি মারিয়ার বার্তা
আর্জেন্টিনা দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 11:51 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

চার বছর আগের বিশ্বকাপে ছিলেন দলের অংশ। এবার আনহেল দি মারিয়া শুধুই একজন দর্শক। দুটি অনুভূতিই ভালোভাবে বুঝতে পারছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে উত্তরসূরিদের জন্য প্রেরণাদায়ক বার্তা দিয়েছেন সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। 

২০২২ কাতার বিশ্বকাপে সাড়ে তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল দি মারিয়ার। ২০২৪ কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানান তিনি। 

উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে মঙ্গলবার ইনস্টাগ্রাম পোস্টে লিওনেল মেসি, রদ্রিগো দে পলদের পাশে থাকার বার্তা দেন ২৮ বছর বয়সী দি মারিয়া।

“আজ এক নতুন স্বপ্নের সূচনা হচ্ছে। আমি মন থেকে বলতে চাই, শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে আছি।

“আমি জানি সেখানে থাকার অনুভূতি কেমন, একজন সাধারণ ভক্ত হওয়ার অনুভূতিটা কেমন, সেটাও জানি। তোমাদের বলতে পারি, আজ তোমাদের মনে যে আশা রয়েছে, সেই একই আশা সকল আর্জেন্টাইনেরও।”

শেষে দলের জন্য শুভকামনা জানান আর্জেন্টিনার জার্সিতে দেড়শর কাছাকাছি ম্যাচ খেলা দি মারিয়া। 

“তোমাদের সবাইকে অনেক ভালোবাসি আমি। আমরা শেষ পর্যন্ত লড়ব। এগিয়ে যাও আর্জেন্টিনা।”