২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামালের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সমস‍্যা দেখছেন না ফ্লিক

নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে ইয়ামালের প্রতিক্রিয়া ‘ভালোই লেগেছে’ বার্সেলোনা কোচের।

ইয়ামালের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সমস‍্যা দেখছেন না ফ্লিক
লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 03:02 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম‍্যাচের শেষ দিকে তুলে নেওয়া হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান লামিনে ইয়ামাল। এটাকে বড় করে দেখছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। 

কাম্প নউয়ে মঙ্গলবার পিছিয়ে পড়ার পরও জুল কুন্দের জোড়া গোলে ২-১ ব‍্যবধানে জিতেছে বার্সেলোনা। 

চ‍্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের ম‍্যাচের ৮৯তম মিনিটে ইয়ামালকে তুলে নিয়ে রুনি বার্গদিকে নামান ফ্লিক। এ সময় ভীষণ বিরক্ত দেখাচ্ছিল ইয়ামালকে। মনে হচ্ছিল তিনি যেন অভিযোগ করছেন। বেঞ্চে বসার পরও তাকে খুশি দেখাচ্ছিল না। 

ম‍্যাচ শেষে এক প্রশ্নের জবাবে ইয়ামালকে তুলে নেওয়ার কারণ ব‍্যাখ‍্যা করেন ফ্লিক। 

“কয়েক মিনিট বাকি থাকতে আমরা লামিনেকে তুলে নিই কারণ, সে হলুদ কার্ড দেখেছিল এবং ম‍্যাচ শেষ পর্যায়ে ছিল। যদি সে কিছুটা বিরক্ত হয়, তাহলে সেটা আমি পুরোপুরি বুঝতে পারছি এবং এটা আমার ভালো লেগেছে। আমিও একজন খেলোয়াড় ছিলাম। এটা পুরোপুরি গ্রহণযোগ‍্য, কোনো সমস‍্যা নেই।”

একটি ফাউলের জন‍্য ৫৬তম মিনিটে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। এতে চ‍্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পরের ম‍্যাচে খেলা হবে না তার। 

২১তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ৫০তম মিনিটে কুন্দের প্রথম গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৫৩তম মিনিটে ইয়ামালের ক্রসে চমৎকার হেডে ফের জাল খুঁজে পান ফরাসি ডিফেন্ডার। 

উয়েফার তথ‍্য অনুযায়ী, ১৯ বছরের নিচে চ‍্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব কিংবা লিগ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সবচেয়ে বেশি- ১৪ গোলে জড়িয়ে ইয়ামালের নাম। সাত গোল করার পাশাপাশি সাত গোলে অবদান রেখেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। ১০ গোল করে এবং তিন গোলে অবদান রেখে আগের রেকর্ড ছিল কিলিয়ান এমবাপের। 

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোকে অভ‍্যাসে পরিণত করে ফেলছে বার্সেলোনা। দলের প্রয়োজনে কেউ না কেউ জাল খুঁজে নিচ্ছেন। সেই ধারায় এবার জোড়া গোল করলেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। কোচের প্রশংসা পেলেন তিনি।

“কুন্দের গোল করা দারুণ ব‍্যাপার… তার প্রতিভা ও মানসিকতা খুব  গুরুত্বপূর্ণ।”

প্রাথমিক পর্বে ৬ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে আরও চার দলের সমান ১০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে বার্সেলোনা। চতুর্থ হারের স্বাদ পাওয়া ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে আছে।