Published : 27 Jul 2026, 06:17 PM
ইতালি জাতীয় দলের কোচ হতে প্রথমে কার্লো আনচেলত্তির ‘না’এবং পরে পেপ গুয়ার্দিওলাও রাজি না হওয়ায়, সম্ভাবনার দৌড়ে এগিয়ে যান আন্দ্রেয়া পিরলো। তবে শেষ মুহূর্তে আবার সবকিছু ভেস্তে গেছে। রাশিয়ান বেটিং কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায়, দেশের জাতীয় দলের কোচ হওয়ার লড়াই থেকে ছিটকে গেছেন তিনি।
গত কয়েক দিনে, ইতালিয়ান গণমাধ্যমে পিরলোর কোচ হওয়ার ‘প্রায় নিশ্চিত’ খবর আসছিল। তবে, সবকিছু দ্রুত পাল্টে যেতে শুরু করে বেটিং কোম্পানি ফনবেতের বৈশ্বিক দূত হিসেবে তার দায়িত্বের বিষয়টি সামনে আসার পর।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কর্তারা এবং ইতালিয়ান আইনপ্রণেতারা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি। তুমুল সমালোচনা শুরু করেন তারা। মূলত তাতেই, পিরলোর ইতালির কোচ হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। রোববারই তাকে জানিয়ে দেওয়া হয় যে, তিনি আর ফেডারেশনের বিবেচনায় নেই। পিরলো নিজেই ইনস্টাগ্রাম বার্তা দিয়ে বিষয়টি জানিয়েছেন।
“আমি আর ইতালিয়ান জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থী নই, এটা গত রাতে জানার পর, আমার মনে হচ্ছে কিছু বিষয় পরিষ্কার করা দরকার।
“গত কয়েক দিনে, খুবই বিরক্ত সহকারে একটা বিতর্ক পর্যবেক্ষণ করলাম, যেটার শুরু হয়েছিল আমাকে নিয়ে এবং ইতালি জাতীয় দলের প্রধান কোচ পদে আমার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা ঘিরে।”
বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার আরও বলেছেন, দেশের আইনের ব্যত্যয় ঘটিয়ে কখনও তিনি কিছু করেননি।
“ক্যারিয়াজুড়ে প্রথমে একজন খেলোয়াড় ও বর্তমানে কোচ হিসেবে সবসময় আমি দেশের আইন মেনে চলেছি এবং যেখানে কাজ করেছি, তাদের সঙ্গে চুক্তির শর্ত মেনে চলেছি।”
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসির প্রধান কোচের দায়িত্বে আছেন পিরলো। গত অক্টোবরে ফনবেতের দূত হিসেবে চুক্তিতে সই করেন তিনি। প্রতিষ্ঠানটির সঙ্গে তার কাজের সম্পর্ক পুরোপুরি বাণিজ্যিক ও ক্রীড়াসুলভ বলেও দাবি করেছেন পিরলো।
টানা তিনবার বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ ইতালি কক্ষপথে ফেরার লক্ষ্যে সবকিছু নতুনভাবে শুরুর চেষ্টা করছে। কিন্তু তাদের প্রধান কোচ নিয়োগের পথে নতুন নতুন বাধা আসছে।