২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

দল পুনর্গঠনে ব্রাজিলের আরেক উইঙ্গারকে কিনল ম্যানচেস্টার সিটি

সাভিনিয়োর শূন্যতা পূরণে সাত দিনের মধ্যেই তার স্বদেশি এই উইঙ্গারকে দলে আনল প্রিমিয়ার লিগের ক্লাবটি।

দল পুনর্গঠনে ব্রাজিলের আরেক উইঙ্গারকে কিনল ম্যানচেস্টার সিটি
আলান এলিয়াস। ছবি: ম‍্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 07:24 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

সাভিনিয়ো চলে যাওয়ার পর, তার শূন্যতা পূরণে পালমেইরাস থেকে উইঙ্গার আলান এলিয়াসকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

ব্রাজিলের এই উইঙ্গারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি বিষয়টি সোমবার জানিয়েছে ইংলিশ ক্লাবটি। ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামে খেলবেন তিনি।

তার ট্রান্সফার ফির বিষয়ে সিটির বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে গণমাধ্যমের খবর, তাকে পেতে প্রিমিয়ার লিগের ক্লাবটির খরচ তিন কোটি ২০ লাখ পাউন্ড। সঙ্গে আরও ২০ লাখ পাউন্ড যোগ হতে পারে।

গত সপ্তাহে সিটি ছেড়ে টটেনহ্যাম হটস্পারে যোগ দেন আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিয়ো। সাত দিনের মধ্যেই তার স্বদেশি উইঙ্গারকে কিনল সিটি।

ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৬ ম্যাচ খেলে ৯টি গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন ২২ বছর বয়সী এই রাইট-উইঙ্গার।

পালমেইরাসের যুব দলে বেড়ে ওঠা এলিয়াস ক্যারিয়ারে নতুন ঠিকানা হিসেবে সিটিকে পেয়ে গর্বিত। 

“পরাবাস্তব এক অনুভূতি হচ্ছে। ম্যানচেস্টার সিটি, গত ১৫ বছরে তারা যা কিছু জিতেছে, তাতে বিশ্বের ফুটবলারদের কাছে এটি সবচেয়ে আকর্ষণীয় ক্লাবগুলোর একটিতে পরিণত হয়েছে। 

“আজ এখানে বসতে পারা এবং আমি এই ক্লাবে যোগ দিয়েছি বলতে পারাটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।”

কোচ পেপ গুয়ার্দিওলার হাত ধরে দারুণ সফল একটি দশক শেষ করার পর, এন্টসো মারেস্কার কোচিংয়ে নতুন অধ্যায়ের শুরু করেছে সিটি। নতুন কোচের স্কোয়াড নতুন করে সাজাতে ব্যস্ততায় গ্রীষ্মের দলবদল পার করছে তারা।

নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে এবং তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদিকে আগেই দলে এনেছে সিটি। 

লিভারপুল থেকে ডাচ ফরোয়ার্ড কোডি হাকপো ও চেলসি থেকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেসকেও সিটি দলে টানা চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে। তবে সেজন্য অবশ্য বেশি সময় আর নেই। মঙ্গলবার শেষ হবে এবারের দলবদল।