২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো গর্বিত, ‘নক আউটের জন্য তৈরি’ পর্তুগাল

দুই ম্যাচেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলায় উচ্ছ্বসিত ক্রিস্তিয়ানো রোনালদো, দলের উন্নতির ধারাবাহিকতায় খুশি কোচ রবের্তো মার্তিনেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 10:34 AM

Updated : 26 Aug 2026, 09:50 AM

প্রথম ম্যাচে জয়ের পরও প্রশ্নের অবকাশ ছিল বেশ কিছু। দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ের পাশাপাশি মন ভরানো ফুটবলও উপহার দিয়েছে পর্তুগাল। এবার আর আঙুল তোলার জায়গা খুব বেশি নেই। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করে ফেলেছে তারা। তুরস্কের বিপক্ষে বড় জয়ের পর তাই উচ্ছ্বসিত অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। কোচ রবের্তো মার্তিনেস তো এখনই তাকিয়ে আছেন নক আউট পর্বে।

ইউরোর ‘এফ’ গ্রুপের ম্যাচে শনিবার তুরস্ককে ৩-০ গোলে হারায় পর্তুগাল। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের মধ্যে পিছিয়ে পড়ার পর তারা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছিল শেষ সময়ের গোলে। কিন্তু তুরস্কের বিপক্ষে গোছানো ফুটবল খেলে ফেভারিটের মতোই জয় আদায় করে নিয়েছে তারা। মাঠের ফুটবলে যেমন তাদের দাপট ছিল, তেমনি তা প্রতিফলিত হয়েছে ম্যাচের ফলাফলেও।

ম্যাচে গোল না পেলেও দারুণ খেলেছেন রোনালদো। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে তার ছোট্ট প্রতিক্রিয়া, “দারুণ দ্রুততায় প্রথম স্থান নিশ্চিত আমাদের। এই দলের জন্য গর্বিত, আমরা পর্তুগাল।”

প্রথম ম্যাচে কোনোরকমে জয়ের পর যখন পর্তুগালের পারফরম্যান্স নিয়ে নানা সমালোচনা ছিল, কোচ মার্তিনেস তখনও বলেছিলেন যে, তার দল যথেষ্টই ভালো খেলেছে। স্রেফ দ্রুত গোল করতে না পারা নিয়ে আক্ষেপ ছিল তার। তুরস্কের বিপক্ষে দলের পারফরম্যান্সে পুরোপুরিই সন্তুষ্ট কোচ।

“আমার মনে হয়, আমাদের খেলা প্রথম ম্যাচের পর্যায়েই ছিল এবং এই পর্যায়টা ধরে রাখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পার্থক্য ছিল, আজকে আমরা দ্রুত গোল করতে পেরেছি এবং এটা আমাদেরকে আরও শান্তিতে ও স্বস্তিতে খেলার সুযোগ করে দিয়েছে।”

“আমরা যখন প্রথম গোল করেছি, এরপর তুরস্কের খেলার ধরন বদলাতে হয়েছে। এজন্যই শুরুটা ভালো করা জরুরি। রক্ষণে আমরা মনোযোগী ছিলাম এবং খেলাটা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। ওদেরকে গোল করা থেকে বিরত রাখতে পারাটা দারুণ অর্থবহ।”

উন্নতির ধারা ধরে রাখতে পেরেও তৃপ্ত পর্তুগাল কোচ। দুই ম্যাচেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পর এখন নক আউট পর্বে তাকিয়ে তিনি। 

“দলের মানসিকতা নিয়ে আমি খুবই খুশি। প্রতিটি ম্যাচে ওরা আরও একটু ভালোভাবে গড়ে উঠছে। এই উন্নতির ধারা ধরে রাখা ও পরপর দুই ম্যাচে একই পর্যায়ের খেলা মেলে ধরা দারুণ ব্যাপার। আমার মনে হচ্ছে, নক-আউটের জন্য আমরা প্রস্তুত।”

পর্তুগালের এই দলে তারকার অভাব নেই। দারুণ সব প্রতিভাবান ফুটবলারে ঠাসা স্কোয়াড। অনেক সময় বিকল্প বেশি থাকাটাও একটা চ্যালেঞ্জ। সবাইকে সঠিকভাবে ব্যবহার করার কাজটা কঠিন হয়ে পড়ে কোচের জন্য। কোচ মার্তিনেস এখানে তার দলের বৈচিত্র ও সামর্থ্যের গভীরতা নিয়ে খুশি।

“ব্যক্তিগত প্রতিভার যে প্রাচুর্য আমাদের আছে, সেটির সমন্বয় করা দারুণ জরুরি এবং সেটি করার সবচেয়ে ভালো উপায় হলো ট্যাকটিক্যালি নমনীয় থাকা। জাতীয় দলের ক্ষেত্রে যদিও সেই নমনীয়তা ধরে রাখা কঠিন। এজন্যই আমাদের জন্য ব্যাপারটি অসাধারণ যে, দুর্দান্ত কিছু ফুটবলার আমাদের আছে, যারা পরিস্থিতি ও প্রতিপক্ষ বুঝে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে।”

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ জর্জিয়া। সেই ম্যাচে বিকল্প ফুটবলারদের মাঠে নামানোর ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ। 

“প্রথম স্থান নিশ্চিত করে ফেলাটা জরুরি ছিল। কারণ ড্রেসিং রুমে আরও অনেক ফুটবলার আছে, খেলার সুযোগ পাওয়াটা যাদের প্রাপ্য এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করার সুযোগ তাদেরকে দেওয়া উচিত। টুর্নামেন্টজুড়ে দলের ভেতর প্রতিদ্বন্দ্বিতার আবহও গড়ে উঠবে এতে।”