২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার গোল হবেই, নিশ্চিত রোনালদো

‘চোট-টোট না পেলে মাইলফলকে নিশ্চিতভাবেই পৌঁছাব’, বললেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 12:33 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

হাজার গোলের অভিযানে গোটা ফুটবল বিশ্বকেই যেন সঙ্গী করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার ভক্ত-অনুসারী হোক বা নিখাদ ফুটবলপ্রেমী, কৌতূহল নিয়ে অপেক্ষায় সবাই। একটি-দুটি করে তার গোলের হিসাব রাখছে কতজন, সেটির ইয়ত্তা নেই। সবার জন্য রোনালদোর বার্তা, লক্ষ্য পূরণ হবেই হবে।

গত শনিবার আল নাস্‌রের জয়ে জোড়া গোলের পর রোনালদোর গোলসংখ্যা এখন ৯৫৬। হাজার গোলের লক্ষ্যের কথা প্রথম যখন তিনি বলেছিলেন, তখন সংশয় ছিল অনেকেরই। কিন্তু বয়স ৪০ পেরিয়েও অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে তিনি যেমন ছুটে চলেছেন, তেমনি সংশয়বাদীর সংখ্যাও কমে আসছে ক্রমে।

সৌদি প্রো লিগে ১২ গোল করে এবার এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলস্কোরার তিনি যৌথভাবে সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে। সব ঠিকঠাক থাকলে ৪১ বছর বয়সী আগামী বছর বিশ্বকাপে নেতৃত্ব দেবেন তিনি পর্তুগালকে।

এই বয়সে পারফরম্যান্স ধরে রেখে খেলা চালিয়ে যাওয়া কঠিন। তবে রোনালদোর জ্বালানির অভাব নেই। দুবাইয়ে রোববার গ্লোব সকার অ্যাওয়ার্ডে টানা দ্বিতীয়বার ‘বেস্ট মিডল ইস্ট প্লেয়ার’ পুরস্কার জয়ের পর পর্তুগিজ মহাতারকা বললেন, হাজার গোল তার হবেই। 

“খেলা চালিয়ে যাওয়া কঠিন, তবে আমি উজ্জীবিত। আমার তাড়না এখনও তীব্র এবং খেলা চালিয়ে যেতে চাই। মধ্য প্রাচ্যে খেলছি নাকি ইউরোপে বা কোথায়, এটা কোনো ব্যাপার নয়।। আমি সবসময় ফুটবল খেলতে উপভোগ করি এবং সামনে ছুটতে চাই।”

“আপনারা জানেন আমার লক্ষ্য কোনটি। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১ হাজার গোল) পৌঁছেতে চাই, যেটির কথা আপনারা সবাই জানেন। সেই মাইলফলকে আমি নিশ্চিতভাবেই পৌঁছব, যদি চোট-টোট না হয়।” 

পুরস্কার জয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে রোনালদো প্রত্যয় জানান একই উদ্যমে ছুটে চলার। 

“স্পেশাল একটি মুহূর্ত দিয়ে শেষ হচ্ছে বছর। লক্ষ্য অর্জনে একই তাড়না, নিবেদন ও ক্ষুধা নিয়ে এগিয়ে যাব। এ বছর যারা আমার পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।”