জোকোভিচের ইতিহাস গড়ার অভিযান শুরু রেকর্ড গড়া জয়ে
ইউএস ওপেনের প্রথম রাউন্ডের জয়ে একটি রেকর্ড গড়েছেন এই তারকা, লক্ষ্য তার ট্রফি জিতে নতুন উচ্চতায় ওঠার।
সার্ভ ঠিকঠাক হলো না বেশ কবার। আনফোর্সড এরর হলো বারবার। সব মিলিয়ে বেশ নড়বড়ে ও বিবর্ণ নোভাক জোকোভিচ। তবে এই গোধূলিবেলায়ও তার মান এরকম যে, ভালো ছন্দে না থাকলেও ম্যাচ জিততে পারেন অনায়াসে। ইউএস ওপেনে তার ইতিহাস গড়ার যাত্রা শুরু হলো অনায়াস জয়ে রেকর্ডে নাম লিখিয়ে।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মলদোভার রাদু আলবোতকে ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারান জোকোভিচ।
অলিম্পিকসে সোনা জিতে ক্যারিয়ারের একটি অপূর্ণতা ঘোচানোর তিন সপ্তাহ পর পরবর্তী বড় লক্ষ্যে ছোটা শুরু হলো তার। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকাকে হাতছানি দিয়ে ডাকছে ইতিহাস। আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলে ছেলে-মেয়ে মিলিয়েই টেনিস ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড এককভাবে হয়ে যাবে তার। পেছনে পড়ে যাবেন ২৪টি জয়ী মার্গারেট কোর্ট।
সেই অভিযানে সেরা ছন্দে ছিলেন না তিনি। ডাবল-ফল্ট করেন ১০ বার, আনফোর্সড এরর ৪০টি। সার্ভ মাঝেমধ্যেই হলো এলোমেলো। তবু তাকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারেননি আলবোত।
এই জয়ে আর্থার অ্যাশ স্টেডিয়ামের ছাদের নিচে ৭৮টি ম্যাচ জিতে রজার ফেদেরারের রেকর্ড নিজের করে নিলেন জোকোভিচ। সব কোর্ট মিলিয়ে ইউএস ওপেনে তার জয় হয়ে গেল ৮৯টি। এখানে তার জয় সংখ্যা হয়ে গেল ফেদেরারের সমান। জিমি কনর্সের রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আর ৯ জয়।
