২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্জেন্টিনার জরিমানা হওয়া উচিত’

কানাডা কোচ জেসি মার্শ মনে করেন, বিরতির সময় ভিডিও বিশ্লেষণ দেখতে গিয়ে দ্বিতীয়ার্ধে দেরিতে মাঠে নেমেছিল লিওনেল স্কালোনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 04:54 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

বিরতির পর মাঠে আসতে আর্জেন্টিনা দেরি করায় বেজায় চটেছেন জেসি মার্শ। লিওনেল স্কালোনির দলের শাস্তি দাবি করেছেন কানাডা কোচ। 

আটলান্টায় শুক্রবার বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম‍্যাচে ২-০ ব‍্যবধানে হেরে কোপা আমেরিকা অভিযান শুরু করেছে কানাডা। মার্শের দল দুটি গোলই হজম করে দ্বিতীয়ার্ধে।

বিরতির পর কানাডা দল মাঠে নামতে প্রস্তুত থাকলেও আর্জেন্টিনা দল আসে মিনিট পাঁচেক পরে। ম‍্যাচের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কানাডা কোচ।

“যখন ওরা (কানাডার দল) অপেক্ষা করছিল, আমি জানি তারা (আর্জেন্টিনা দল) ভিডিও দেখছিল এবং আমাদের বিপক্ষে কীভাবে খেলবে তা বিশ্লেষণ করছিল।”   

“যদি আমরা পাঁচ মিনিট দেরি করতাম, তাহলে আমাদের জরিমানা করা হতো। বড় ধরনের ঝামেলায় পড়তাম। দেখা যাক, আর্জেন্টিনার ক্ষেত্রে কী ঘটে। আমার ধারণা ওদের জরিমানা হতে পারে। ওরা কত দেরি করেছিল? ২০ মিনিট? ৩০?”

মার্শ মনে করেন, দেরিতে আসা সময়টুকুতে আর্জেন্টিনা যে প্রস্তুতি নিয়েছে, ম‍্যাচে সেটাই ব‍্যবধান গড়ে দিয়েছে।

“এটা অনেক লম্বা সময়। কিন্তু আমাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে কীভাবে খেলতে চায় এর প্রস্তুতি নেওয়ার সময় তারা পেয়েছে। যদি আমরা সময়ের আগেই জানতাম যে, আমরা ১০ মিনিট বাড়তি সময় পাব তাহলে কিছু কিছু ব‍্যাপারে আরও প্রস্তুতি নিতে পারতাম।”

আগামী বুধবার ক‍্যানসাসে পেরুর বিপক্ষে নিজেদের পরের ম‍্যাচে খেলবে কানাডা।