২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় গোলের পরও গুয়ার্দিওলার আক্ষেপ আরেকটি গোলের জন্য

ম্যানচেস্টার সিটি ৬-০ গোলে জিতলেও পুরোপুরি সন্তুষ্ট নন কোচ পেপ গুয়ার্দিওলা।

ছয় গোলের পরও গুয়ার্দিওলার আক্ষেপ আরেকটি গোলের জন্য
আরেকটি গোলের আশা ছিল গুয়ার্দিওলার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 12:27 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

৬-০ গোলের জয়। আগের ম্যাচের একাদশের সবাইকে বদল করেও আগ্রাসী ও উজ্জীবিত ফুটবলের প্রদর্শনী। নকআউট পর্ব নিশ্চিত করা। এক ম্যাচ থেকে এর চেয়ে বেশি আর কী চাওয়া থাকতে পারে? তবে পেপ গুয়ার্দিওলা সত্যিই আরেকটু বেশি চাইছিলেন। ম্যানচেষ্টার সিটি কোচের চাওয়া ছিল অন্তত আরেকটি গোল।

ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনকে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি। টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তারা।

তবে পয়েন্ট তালিকায় এখনও গ্রুপের দুই নম্বরে তারা। এজন্যই আরেকটি গোল করা খুব জরুরি ছিল, ম্যাচ শেষে বললেন গুয়ার্দিওলা।

“আমরা চেষ্টার পর চেষ্টা করে গেছি আরেকটি গোল করার জন্য, যাতে প্রথম স্থানে থাকতে পারি। কিন্তু এক গোলের জন্য পারিনি। তবে হ্যাঁ, আমরা জানি শীর্ষে থাকতে হলে ইতালিয়ান দলটির বিপক্ষে আমাদেরকে কী করতে হবে।”

এই গ্রুপে ইউভেন্তুস ও ম্যানচেস্টার সিটি জিতেছে দুটি করে ম্যাচ। দুই দলের গোলের ব্যবধানও সমান (৮ গোল)। তবে ইউভেন্তুস শীর্ষে আছে গোল একটি বেশি করায়।

আগামী বৃহস্পতিবার এই দুই দলের লড়াইয়ে নির্ধারিত হবে গ্রুপের সেরা দল। এই গ্রুপের দুই নম্বরে থাকা দল পরের রাউন্ডে লড়বে ‘এইচ’ গ্রুপের শীর্ষ দলের সঙ্গে, যেটি রেয়াল মাদ্রিদ হওয়ার সম্ভাবনাই বেশি। গ্রুপের শীর্ষে থেকে তাই রেয়ালকে এড়াতে চাইবে দুই দলই।

আল-আইনের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। তাদের একজন ক্লাউদিয়া এচেভেররি। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়ে দারুণ এক গোল করেন তিনি ফ্রি-কিক থেকে। পরে অবশ্য চোটের কারণে উঠে যেতে হয় তরুণ আর্জেন্টাইন উইঙ্গারকে। তবে তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ।

“দুঃখজনক যে তার অ্যাঙ্কেল মচকে গেছে, জায়গা ফুলেও আছে কিছুটা। খেলতে সমস্যা হচ্ছিল, এজন্য বিরতির পর আর চালিয়ে যেতে পারেনি। তবে সে অসাধারণ ফুটবলার। দারুণ এক প্রতিভা, ছোট ছোট জায়গায় যে বড় কিছু করতে পারে। তার জন্য আমি খুবই খুশি, কারণ এটা ছিল দুর্দান্ত গোল।”

এ দিন বদলি হিসেবে মাঠে নামা রদ্রির চোটের অগ্রগতিও জানালেন গুয়ার্দিওলা।

“ধাপে ধাপে সে এগোচ্ছে। এখনও সে ৩০ মিনিটের বেশি খেলতে পারবে না। দ্বৈত লড়াইয়ে এখনও সে ভুগছে, আরেকটু শক্ত হয়ে উঠতে হবে তাকে। তবে বড় চোটের পর সেটা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে, আগের ম্যাচের চেয়ে এ দিন সে অনেক অনেক ভালো খেলেছে। আমরা তার অভাব প্রবলভাবে অনভুব করছি। যে কোনো দলই বিশ্বের সেরা ফুটবলারের ঘাটতি অনুভব করবে।”