বাবা হারানোর চারদিন পরই মাঠে মেসি, কাজেমিরো বললেন, ‘এমন কিছু আর দেখিনি’
বাবার মৃত্যুর পর এত দ্রুত লিওনেল মেসিকে মাঠে ফিরতে দেখে চমকে গেছেন তার সতীর্থদের অনেকেই, তবে দুই দফায় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে গেছে ইন্টার মায়ামি।
হৃদয় ভাঙার যন্ত্রণা এখনও তীব্র।। তবে পেশাদারিত্বের স্রোতও তো বইছে সেখানে। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ডাকে সাড়া দিয়েই মাঠে নামলেন লিওনেল মেসি। তাতে বিস্ময়ের ঝড় বয়ে গেল তার সতীর্থদের মাঝে। তবে তাদের দল জিততে পারল না শেষ পর্যন্ত। দুই দফায় এগিয়ে গিয়েও ম্যাচ হেরে লিগস কাপ থেকে বিদায় নিল ইন্টার মায়ামি।
লিগস কাপের ম্যাচটিতে বুধবার ইন্টার মায়ামিকে ৩-২ গোলে হারায় মেক্সিকোর ক্লাব লেওন।
মেসির মাঠে ফেরাই অবশ্য ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা। গত শনিবার আর্জেন্টিনার রসারিওর একটি হাসপাতালে মারা যান তার বাবা হোর্হে মেসি। মায়ামি অধিনায়ক ছুটে যান সেখানে। বাবার শেষকৃত্যে অংশ নেন। একটি স্মরণসভাবেও অংশ নেন বলে খবর বেরিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে। মায়ামিতে ফিরতে তার আরও সময় লাগবে বলেই ধরে নেওয়া হয়েছিল।
কিন্তু লেওনের বিপক্ষে ম্যাচের আগে তাকে দেখে চমকে যান অনেকেই। শুরুর একাদশে অবশ্য রাখা হয়নি তাকে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নামেন মাঠে।
এই ম্যাচে মেসিকে নিজেদের পাশে পেয়ে বিস্ময়াভূত কাজেমিরো বললেন, এমন কিছু তিনি আগে দেখেননি।
“তিনি (মেসি) একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিঃসন্দেহে তিনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু শুধু খেলোয়াড়দের প্রতিই নয়, ক্লাবের প্রতিও তিনি যে দায়বদ্ধতা দেখিয়েছেন, তা অবিশ্বাস্য। আমি আমার জীবনে এমনটা আর দেখিনি।
“আপনাকে আমাদের ধন্যবাদ জানাতেই হবে, এখানে আসার জন্য, আমাদের সাহায্য করার জন্য এবং ক্লাবকে সাহায্য করার জন্য, সবকিছুর জন্য ধন্যবাদ।”
মেসিকে দেখে বিশ্বাস করতে পারছিলেন না আরেক সতীর্থ ইয়ানিক ব্রাইটও।
“এটা স্রেফ অবিশ্বাস্য। এমন কিছু আশা করিনি এবং এতেই বোঝা যায়, তিনি কতটা যত্নশীল।
যখন আমি দেখলাম তিনি এখানে আছেন, তখন আমার মাথায় শুধু একটাই চিন্তা এসেছে যে, তার জন্য আমার সাধ্যের দেড়শ ভাগ উজাড় করে দেব। এটা একটা কঠিন পরিস্থিতি, তাই আমরা তার পাশে থাকার এবং যতটা সম্ভব সমর্থন দেওয়ার চেষ্টা করছি।”
ব্রাইট মাঠে তা করেছেন বটে। ম্যাচে একটি গোল করেছেন তিনি।
ঘরের মাঠে ৪২তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে নামানো হয় মেসিকে।
৫০তম মিনিটে সমতায় ফেরে লেওন। চার মিনিট পরই ব্রাইটের গোলে আবার এগিয়ে যায় মায়ামি। এবার গোল শোধ করতে লেওনের লাগে সাত মিনিট। পরে ৮৩তম মিনিটে এগিয়ে যায় তারা, সেটিই গড়ে দেয় ম্যাচে পার্থক্য।
গতবারের রানার্স আপ মায়ামি এবার একটি জিতে ও দুটিতে হেরে বিদায় নিল গ্রুপ পর্বেই। তিন ম্যাচে লেওনের জয় তিনটিতেই।
