রিবাকিনাকে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জয় শিয়াওতেকের
ইউএস ওপেন শুরুর সপ্তাহখানেক আগে এই সাফল্য পোলিশ তারকাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
লম্বা সময় ধরে কোর্টে সময়টা ভালো কাটছে না ইগা শিয়াওতেকের। তবে, ইউএস ওপেন শুরুর আগে, মৌসুমে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এলেনা রিবাকিনাকে সরাসরি সেটে হারিয়ে জিতেছেন কানাডিয়ান ওপেন।
টরন্টোয় শুক্রবারের ফাইনালে গ্যালারি থেকে দারুণ সমর্থন পান র্যাঙ্কিংয়ের আট নম্বর হিসেবে আসর শুরু করা শিয়াওতেক। আর উজ্জীবিত পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেন তিনি। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন ৬-২, ৬-৩ গেমে।
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনসহ দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রিবাকিনাকে প্রথম সেটে বেশ ভুগতে দেখা যায়। ১২টি আনফোর্সড এরোর করেন তিনি। বিপরীতে, প্রতিপক্ষের সার্ভিসে দুইবার ব্রেক পয়েন্ট তুলে নেন ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেক।
কাজাখস্তানের ২৭ বছর বয়সী তারকা রিবাকিনা দ্বিতীয় সেটেও পারেননি ঘুরে দাঁড়াতে, একবারও পারেননি প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করতে। দাপট ধরে রেখে, এক ঘণ্টা ১৫ মিনিটে ম্যাচ জিতে ক্যারিয়ারে ২৬তম ট্রফি উঁচিয়ে ধরেন পোলিশ তারকা।
গত বছরের উইম্বলডনে সবশেষ মেজর জয়ী শিয়াওতেক এক বছরের বেশি অপেক্ষার পর, আসছে ইউএস ওপেনে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নামবেন।
আগামী ২৩ অগাস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের এবারের আসর।
সবশেষ অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার-ফাইনালে রিবাকিনার বিপক্ষে হেরেই বিদায় নেন শিয়াওতেক। এরপর, ফরাসি ওপেনে চতুর্থ ও উইম্বলডনে তৃতীয় রাউন্ড পর্যন্তই উঠতে পারেন তিনি।
