২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১৪ দিনেই বরখাস্ত ফরেস্ট কোচ শন ডাইচ

চলতি মৌসুমে এই নিয়ে তিনজন কোচকে বরখাস্ত করল নটিংহ্যাম ফরেস্ট।

১১৪ দিনেই বরখাস্ত ফরেস্ট কোচ শন ডাইচ
চার মাসও টিকতে পারলেন না শন ডাইচ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 11:18 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

দায়িত্ব পাওয়ার চার মাসও হয়নি এখনও। চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের ধারায় ফুটবল কোচদের চিরায়ত নিয়তিই মেনে নিতে হলো শন ডাইচকে। নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব হারালেন ৫৪ বছর বয়সী এই কোচ।

গত অক্টোবরে দায়িত্বটি নিয়েছিলেন ডাইচ। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা উলভারহ্যাম্পটনের সঙ্গে বুধবার ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ের পর কোচের ওপর নেমে আসে খড়গ।

নটিংহ্যাম ফরেস্ট বৃহস্পতিবার প্রথম প্রহরে বিবৃতিতে জানায়, “নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে, শন ডাইচকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাবে থাকার সময় শন এবং তার স্টাফদের প্রচেষ্টার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই এবং ভবিষ্যতের জন্য তাদের শুভকামনা জানাই। এই মুহূর্তে আমরা আর কোনো মন্তব্য করব না।”

সব মিলিয়ে মোটে ১১৪ দিন দায়িত্বে ছিলেন ডাইচ। চলতি মৌসুমে এই নিয়ে তিনজন কোচকে বরখাস্ত করল ফরেস্ট।

মৌসুম শুরু করেছিল তারা ডাগআউটে নুনো সান্তোকে নিয়ে। তবে ক্লাবের কর্ণধারদের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়ানোর এক পর্যায়ে চাকরি হারান তিনি। পরে দায়িত্ব পান অ্যাঞ্জ পস্তেকগ্লু। তিনি দায়িত্বে টিকতে পারেন মাত্র ৩৯ দিন! ইংলিশ প্রিমিয়ার লিগে স্থায়ী কোচদের মধ্যে মৌসুমের মাঝামাঝি সবচেয়ে কম সময়ে বরখাস্ত হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড হয়ে যায় তার। এবার ডাইচও টিকলেন না বেশি দিন।  

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে সপ্তম হওয়া ফরেস্ট এবার ২৬ ম্যাচের ১৩টিই হেরে এখন পয়েন্ট তালিকায় আছে সপ্তদশ স্থানে।