১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘সিটির নতুন খেলোয়াড়রা জিততে মরিয়া’

গ্রীষ্মে যোগ দেওয়া এন্সো ফের্নান্দেস, এলিয়ট অ‍্যান্ডারসনদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ম‍্যানচেস্টার সিটির নতুন অধিনায়ক হুবেন দিয়াস।

‘সিটির নতুন খেলোয়াড়রা জিততে মরিয়া’
হুবেন দিয়াস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 03:59 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

পালাবদলের মধ‍্য দিয়ে যাওয়া ম‍্যানচেস্টার সিটির নতুন খেলোয়াড়দের দৃঢ় মানসিকতার প্রশংসা করেছেন হুবেন দিয়াস। নতুন অধিনায়ক বলেছেন, এন্সো ফের্নান্দেস, এলিয়ট অ‍্যান্ডারসনরা ইংলিশ ক্লাবটির জার্সিতে জিততে মরিয়া। 

সবশেষ দলবদলে প্রিমিয়ার লিগের রেকর্ড ৪৫ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ করেছে সিটি। দলে যোগ দেওয়া খেলোয়াড়দের মধ‍্যে আছেন মিডফিল্ড ত্রয়ী ফের্নান্দেস, অ‍্যান্ডারসন ও আইয়ুব বুয়াদি। 

বিক্রি করে ৩০ কোটি পাউন্ডের বেশি আয়ও করেছে সিটি। এই সময়ে তারা হারিয়েছে অভিজ্ঞ বেশ কয়েকজন খেলোয়াড়কে। এর মধ‍্যে আছেন ২০২৪ সালের ব‍্যালন দ’র জয়ী রদ্রি, সাবেক অধিনায়ক বের্নার্দো সিলভা ও ডিফেন্ডার জন স্টোন্স। 

২০২০ সালে বেনফিকা ছেড়ে সিটিতে যোগ দেন দিয়াস। এবার তাকে অধিনায়ক করেছেন নতুন কোচ এন্টসো মারেস্কা। নেতৃত্ব পেয়ে নিজের ভূমিকার খুব একটা বদল দেখেন না অভিজ্ঞ পর্তুগিজ ডিফেন্ডার। নতুন আসা খেলোয়াড়দের নিয়ে দলকে কক্ষপথে ফেরানোর ব‍্যাপারে আশাবাদী তিনি। 

“অনেক খেলোয়াড় বিদায় নিয়েছে এবং অনেক বিজয়ী খেলোয়াড় ক্লাব ছেড়েছে। আর এখন অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নতুন খেলোয়াড় যোগ দিয়েছে, যারা জিততে মরিয়া এবং এটা ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে।”

স্কোয়াডের পাশাপাশি ডাগআউটেও পরিবর্তন এসেছে। ক্লাবের ইতিহাসের সফলতম কোচ পেপ গুয়ার্দিওলা বিদায় নিয়েছেন। তার জায়গায় এসেছেন লেস্টার সিটি ও চেলসির সাবেক কোচ মারেস্কা। 

দিয়াসের মতে, ১০ বছরের কোচ গুয়ার্দিওলার বিদায় ক্লাবের জন‍্য খুব কঠিন সময় ছিল। তবে ক্লাব সম্পর্কে জানাশোনা থাকা মারেস্কাকে কোচ হিসেবে সবচেয়ে উপযুক্ত মনে করেন দিয়াস।

“আমার মনে হচ্ছে, সবকিছু ঠিকঠাক চলছে। সবাই পরিকল্পনা গ্রহণ করেছে। সবাই এটা নিয়ে রোমাঞ্চিত এবং সবাই অনুশীলন উপভোগ করছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ।”