২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভালভের্দেকে নিয়ে বিতর্কে আলোন্সো বললেন, ‘কেউ খেলতে অস্বীকৃতি জানায়নি’

রেয়াল মাদ্রিদে উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দেকে নিয়ে অস্থিরতার খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে।

ভালভের্দেকে নিয়ে বিতর্কে আলোন্সো বললেন, ‘কেউ খেলতে অস্বীকৃতি জানায়নি’
ফেদেরিকো ভালভের্দে (বাঁয়ে) ও শাবি আলোন্সো। ছবি: রয়টার্স ও এক্স

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 11:41 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ফেদেরিকো ভালভের্দের রাইট-ব্যাক হিসেবে খেলতে না চাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শাবি আলোন্সো। রেয়াল মাদ্রিদ কোচ জোর দিয়ে বললেন, দলের কোনো খেলোয়াড়ই কখনও নিজ পজিশনের বাইরে খেলতে অস্বীকৃতি জানায়নি।

ঘটনার সূত্রপাত গত সোমবার, চ্যাম্পিয়ন্স লিগে এফসি কয়রাত আলমাতির বিপক্ষে ম্যাচের আগে। দলের একাধিক ডিফেন্ডারের চোটের কারণে রাইট-ব্যাক হিসেবে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নে মিডফিল্ডার ভালভের্দে বলেছিলেন, ‘রাইট-ব্যাক হিসেবে খেলার জন্য জন্ম নেননি’ তিনি।

পরদিন দলের ৫-০ গোলে জেতা ম্যাচটিতে তাকে খেলাননি আলোন্সো। সেদিন উরুগুয়ের এই ফুটবলারের শরীরী ভাষা অনেক প্রশ্নের জন্ম দেয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচের আগে ও মাঝ বিরতির ওয়ার্মআপের সময় সতীর্থদের থেকে একটু দূরে একা থাকতে দেখা যায় তাকে। এছাড়া টাচলাইনে তার আচরণের কারণে সমর্থকদের একটা অংশের সমালোচনার মুখে পড়েন তিনি। 

তাকে ঘিরে পরিস্থিতি ক্রমেই আরও ঘোলাটে হতে থাকলে, পরদিন সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে রাইট-ব্যাক হিসেবে খেলতে না চাওয়ার কথা অস্বীকার করে ভালভের্দে বলেন, “সবসময় (কোচকে) বলেছি যে, আমি যে কোনো পজিশনে পারফর্ম করার জন্য প্রস্তুত।”

সাম্প্রতিক সময়ে ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে আলোন্সোকে। খেলোয়াড়রা তার দল নির্বাচনকে প্রভাবিত করে কি না, এমন প্রশ্নে শুক্রবার সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদ কোচ বলেন, সিদ্ধান্ত নেন শুধু তিনিই।

“কোনো খেলোয়াড়- ফেদে (ভালভের্দে), রদ্রিগো, ভিনি (ভিনিসিউস) আমাকে কখনও বলেনি যে, তারা কোনো এক পজিশনে খেলতে চায় না। এমনটা হয়নি কখনও। সবাই খেলতে চায় এবং যখন তারা খেলে না, তখন তারা মাঠে থাকতে চায়।”

“কিন্তু কোনো খেলোয়াড়ই আমাকে বলেনি যে, সে খেলতে চায় না। তাদের সবার মনোভাব ভালো। আমিই সিদ্ধান্ত নিই এবং আমাকেই ঠিক করতে হয় যে, দলের জন্য কোনটি সবচেয়ে ভালো। বিষয়টা আমি স্পষ্ট করতে চাই।”

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম সাত ম্যাচ জয়ের পর গত শনিবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয় রেয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে কয়রাত আলমাতির জালে পাঁচ গোল দিয়ে ঘুরে দাঁড়ায় তারা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন দারুণ ছন্দে থাকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। 

লা লিগায় জয়ে ফেরার লক্ষ্যে শনিবার ভিয়ারেয়ালের মুখোমুখি হবে স্পেনের সফলতম দলটি।