১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার জয়ের আনন্দে ওলমোকে হারানোর বিষাদ

বাম কাঁধের সমস‍্যায় অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই স্প‍্যানিশ মিডফিল্ডারের।

বার্সেলোনার জয়ের আনন্দে ওলমোকে হারানোর বিষাদ
চোট নিয়ে মাঠ ছাড়ছেন দানি ওলমো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 03:01 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার দারুণ জয়ের আনন্দ ফিকে হয়ে গেছে দানি ওলমোর চোটের খবরে। বাম কাঁধের হাড় নড়ে যাওয়ায় অন্তত চার সপ্তাহের জন‍্য মাঠের বাইরে চলে গেছেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার। 

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। 

দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নিয়েছিলেন ওলমো। বাম পায়ের শটে জালের দেখা পেলেও ভারসাম‍্য হারিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। কাঁধে সজোরে আঘাত লাগায়, হাড় নড়ে যায়।

বার্সেলোনা চিকিৎসক রিচার্ড প্রুনা মাঠে আসেন কিন্তু ব‍্যথা না কমায় ৬৭তম মিনিটে মাঠ ছাড়েন ওলমো। একই সময়ে রবের্ত লেভানদোভস্কিকেও তুলে দেন বার্সেলোনা কোচ। মাঠে আসেন ফেররান তরেস ও মার্কাস র‍্যাশফোর্ড। 

স্প‍্যানিশ সংবাদ মাধ‍্যমগুলো জানিয়েছে, এই ধরনের চোট সারতে অন্তত চার সপ্তাহ সময় লাগে। ওলমোর ক্ষেত্রেও সেটা হলে চলতি বছরে আর মাঠে নামতে পারবেন না ২৭ বছর বয়সী মিডফিল্ডার। 

বাম কাঁধে আগেও চোট পেয়েছিলেন ওলমো। লাইপজিগে খেলার সময় বাম কাঁধের হাড় নড়ে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন হয়েছিল। সে সময় দুই মাস মাঠের বাইরে ছিলেন ওলমো। 

চলতি মৌসুমে চোট যেন পিছু ছাড়ছে না বার্সেলোনার। ফের্মিন লোপেস যখন ফেরার দুয়ারে তখন ছিটকে গেলেন ওলমো।

চোট সামাল দিয়ে ১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে শাবি আলোন্সোর দল।