২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টের হতাশা মুছে ‘কক্ষপথে ফেরার’ আনন্দ ম্যান সিটি কোচের

তবে আরও ভালো করার তাগিদ অনুভব করছেন পেপ গুয়ার্দিওলা।

অগাস্টের হতাশা মুছে ‘কক্ষপথে ফেরার’ আনন্দ ম্যান সিটি কোচের
দলের ফুটবলারদের সঙ্গে পেপ গুয়ার্দিওলা (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

মৌসুমের শুরুটা হয়েছিল বড় জয় দিয়ে। এরপরই টানা দুই ম্যাচে হার। ব্যর্থতার সেই অধ্যায় পেছনে ফেলে এখন বেশ ছন্দে আছে ম্যানচেস্টার সিটি। দলের এমন উন্নতিতে ভীষণ খুশি ইংলিশ ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা।

গত মৌসুমটা বাজে কেটেছিল সিটির। ঘুরে দাঁড়ানোর অভিযানে গত অগাস্টে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় তারা; ৪-০ গোলে উড়িয়ে দেয় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে।

কিন্তু ওই মাসের শেষ দিকে পরপর দুটি লিগ ম্যাচে ধাক্কা খায় দলটি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে হারের পর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ম্যাচে পায় ২-১ ব্যবধানে পরাজয়ের তেতো স্বাদ।

সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর নিজেদের নতুন করে মেলে ধরে সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে অপরাজিত আছে তারা। যেখানে চারটিতে জিতেছে গুয়ার্দিওলার দল, ড্র করেছে লিগে আর্সেনাল ও চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে।

সবশেষ তিনটি লিগ ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেয়েছে সিটি। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দলটি আছে টেবিলে সপ্তম স্থানে।

লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল করেছে সিটি। এর ৮টিই করেছেন দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।

রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে সিটি। ম্যাচটি সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা দল কক্ষপথে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

“আমরা যে উন্নতি করেছি, সেটাই সবচেয়ে ভালো লাগার অনুভূতি। আমার এই অনুভূতিটা পছন্দ। আমরা আরও ভালো করতে পারি, এই বিষয়টাও ভালো লাগে।”

৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে শিরোপাধারী লিভারপুল।