‘দুর্দান্ত’ রেয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা প্রাপ্য, বলছেন আনচেলত্তি
এখন আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যেতে উদগ্রীব রেয়াল মাদ্রিদ।
মৌসুমের শুরু থেকে চোটের কারণে হারাতে হয়েছে একের পর এক ফুটবলার। অনেক ম্যাচেই একাদশ সাজাতে হয়েছে জোড়াতালি দিয়ে। তারপরও মৌসুমজুড়ে লা লিগায় দুর্দান্ত ফুটবল খেলেছে রেয়াল মাদ্রিদ। যার ফলাফল, চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে দলটি। কোচ কার্লো আনচেলত্তির মতে, যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছেন তারা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার কাদিসকে ৩-০ গোলে উড়িয়ে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যায় রেয়াল। দিনের পরের ম্যাচে জিরোনার বিপক্ষে বার্সেলোনার হারে ৩৬তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় স্পেনের সফলতম দলটির।
বার্সেলোনা-জিরোনা ম্যাচের পর নেচে-গেয়ে শিরোপা জয় উদযাপন করেন রেয়ালের খেলোয়াড়রা। তাদের সঙ্গে শামিল হন আনচেলত্তিও। রেয়াল মাদ্রিদ টিভির সঙ্গে আলাপচারিতায় অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের কণ্ঠে ফুটে উঠল দারুণ মৌসুম কাটানোর উচ্ছ্বাস।
“আমাদের অপেক্ষা করতে হবে (মৌসুম শেষ হতে), তবে আমাদের লা লিগা (শিরোপা জয়ের) অভিযান কাটল দুর্দান্ত। আমরা কিছু ভুল করেছি, তবে (এই সাফল্য) আমাদের প্রাপ্য।”
এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ৩৪ ম্যাচের মধ্যে মাত্র একটি হেরেছে রেয়াল। গোল হজম করেছে তারা স্রেফ ২২টি। এতেই ফুটে উঠছে তাদের রক্ষণের দৃঢ়তা।
অথচ চোটের কারণে মৌসুমের শুরু থেকে তারা পায়নি নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। প্রথম পছন্দের দুই সেন্টার-ব্যাক এদের মিলিতাও ও ডাভিড আলাবাকেও পাওয়া যায়নি মৌসুমের বড় অংশজুড়ে।
চোট কাটিয়ে কাদিস ম্যাচ দিয়ে মৌসুমে প্রথমবার রেয়ালের পোস্টে দাঁড়ান কোর্তোয়া। ভালো কয়েকটি সেভ করে জাল অক্ষত রাখেন তিনি। বেলজিয়ান গোলরক্ষকের ফেরায় খুশি আনচেলত্তি।
“যখন আমরা রক্ষণে ভালো শুরু করি, তখন আমরা উন্নতি করি।”
“আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড সে। কোর্তোয়া খুব ভালোভাবে ফিরে এসেছে, দেখতেই পাচ্ছেন, সে ভালো অবস্থায় আছে।”
লিগ শিরোপা উদযাপনের জন্য এখন খুব একটা সময় পাচ্ছে না রেয়াল। আগামী বুধবারই যে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা ঘরের মাঠে। প্রথম লেগে ড্র হয়েছিল ২-২ গোলে। এবার তাই জয়ের বিকল্প নেই কোনো দলের সামনেই।
আনচেলত্তির কোচিংয়ে ২০১৩-১৪ ও ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় রেয়াল। প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। এখন আরেকটি ফাইনালে নজর আনচেলত্তির।
“আমাদের আরেকটি ফাইনালে খেলার দারুণ সুযোগ রয়েছে এবং এর চেয়ে ভালো অনুপ্রেরণা আর নেই। মৌসুমটা এরই মধ্যে আমাদের জন্য দুর্দান্ত হয়ে উঠেছে, তা আরও ভালোভাবে শেষ করার সুযোগ।”
