২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানের কোচ হলেন বিশ্বকাপ জয়ী ইতালিয়ান অধিনায়ক

ফাবিও কানাভারোকে নিয়োগ দিয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া এশিয়ার দলটি।

উজবেকিস্তানের কোচ হলেন বিশ্বকাপ জয়ী ইতালিয়ান অধিনায়ক
ফাবিও কানাভারো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া উজবেকিস্তান নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে। ইতালিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ফাবিও কানাভারোকে গুরুদায়িত্বটি দিয়েছে এশিয়ার দলটি।

৫২ বছর বয়সী কানাভারোকে নিযুক্ত করার কথা সোমবার জানিয়েছে উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন।

২০০৬ সালে ইতালির সবশেষ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন কানাভারো। দেশের হয়ে সব মিলিয়ে ১৩৬ ম্যাচ খেলেন এই ডিফেন্ডার। 

কোচ হিসেবে এখনও সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি রেয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, ইউভেন্তুসে খেলা কানাভারো। ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে সবশেষ দায়িত্ব পালন করেন তিনি। সেখানে বেশি দিন টিকতে পারেননি তিনি, চার মাসেরও কম সময় যেতেই গত এপ্রিলে ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় তার।

এর আগে চীন ও সৌদি আরবের ক্লাবে কোচিং করিয়েছেন কানাভারো। ২০১৯ সালে স্বল্প মেয়াদে চীনের জাতীয় দলেও অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন তিনি। ইতালির ক্লাব ফুটবলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।