জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না আনচেলত্তি
শীর্ষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার ক্ষীণ আশা নিয়ে ব্রেস্তের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।
সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যেতে ব্রেস্তের বিপক্ষে শুধু জিতলেই হবে না রেয়াল মাদ্রিদের, অন্যান্য ম্যাচের ফলও পক্ষে আসতে হবে তাদের। তবে অত কিছু ভাবছেন না কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ কোচের সাফ কথা, শুধু নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করার দিকেই সব মনোযোগ তাদের।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে বুধবার ব্রেস্তের মাঠে খেলবে রেয়াল। এই রাউন্ডে ৩৬ দলের ১৮ ম্যাচের সবগুলো শুরু হবে একই সময়ে, বাংলাদেশ সময় রাত ২টায়।
সাত ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রেয়াল।
শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
আপনি কি অন্যান্য ম্যাচের ফলের জন্য অপেক্ষা করবেন? সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনেই আনচেলত্তির স্পষ্ট উত্তর, “না।”
“আমরা কেবল আমাদের ম্যাচ নিয়ে ভাবব। জয়ের এবং যতটা সম্ভব (পয়েন্ট টেবিলে) ওপরে থেকে শেষ করার চেষ্টা করব। তারপর আমরা দেখব কী হয়। আমরা কেবল আমাদের ম্যাচ জয়ের কথা ভাবব। আর কিছু নয়।”
পয়েন্ট টেবিলে রেয়ালের ওপরে আছে ব্রেস্ত। চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ফরাসি দলটি। তাদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন আনচেলত্তি।
“ব্রেস্ত তাদের খেলোয়াড়দের মান কাজে লাগিয়ে খেলে। তাদের খুব লম্বা এক স্ট্রাইকার আছে, সে হেডে খুব শক্তিশালী। তাদের দ্রুতগতির উইঙ্গারও আছে, যারা পাল্টা আক্রমণে আঘাত করতে পারে। তারা ১৩ পয়েন্ট পেয়েছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তাদের অনেক সম্মান করি আমরা।”
“সবসময়ের মতোই কঠিন ম্যাচ হবে। ব্রেস্ত চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো করছে। তাদের একটি পয়েন্ট বেশি এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। উভয় দলের জন্যই অনেক কিছু ঝুঁকিতে থাকবে। আমরা কঠিন এই পর্ব ভালোভাবে শেষ করতে চাই।”
