২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেইনের অভাব পূরণে বায়ার্নে প্রতিভার কমতি দেখেন না কোম্পানি

বায়ার্ন মিউনিখ কোচের মতে, কেইনের অনুপস্থিতিতে অভিজ্ঞ টমাস মুলার-সের্গে জিনাব্রি-লেরয় সানেদের নিয়ে গড়া তাদের আক্রমণভাগও বেশ ভয়ঙ্কর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 07:03 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

চোটে পড়ায় তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে সামনের কয়েকটি ম্যাচে পাবে না বায়ার্ন মিউনিখ। এতে অবশ্য দুশ্চিন্তার কিছু দেখছেন না দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি। ইংলিশ ফরোয়ার্ডের অভাব পূরণের জন্য তার দলে যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় আছে বলে মনে করেন তিনি।

বুন্ডেসলিগায় সবশেষ ম্যাচে শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ঊরুর পেশিতে চোট পান কেইন। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচের ৩৩তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এবারের বুন্ডেসলিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করা স্ট্রাইকার।

জার্মান কাপে মঙ্গলবার শিরোপাধারী বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। এই ম্যাচ তো বটেই, সামনের আরও কয়েকটি ম্যাচেও কেইনকে না পাওয়ার কথা নিশ্চিত করেছেন কোম্পানি।

তবে চলতি মাসেই কেইনের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী বায়ার্ন কোচ। লেভারকুজেন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোম্পানি আশা প্রকাশ করেন, আগামী ২২ ডিসেম্বর শীতকালীন বিরতি শুরুর আগেই ইংলিশ অধিনায়ক ফিরতে পারেন।

“এই মুহূর্তে বলা কঠিন (কেইনের ফেরার সময়), তবে এ বছর এখনও তার খেলার সুযোগ আছে। কিন্তু সে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবে না। আর তার বিকল্পের কথা বললে, (তার) গোলগুলো কিংবা খেলোয়াড়ের হুবহু বদলি করা যায় না। এ কারণেই সে শীর্ষ মানের খেলোয়াড়।”

কোম্পানির বিশ্বাস, অভিজ্ঞ টমাস মুলার, সের্গে জিনাব্রি, ওলিসে ও লেরয় সানের মতো ফুটবলাররা কেইনের অভাব পূরণে সক্ষম।

“আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে এবং এটা (কেইনের অভাব) ভিন্নভাবে সমাধান করতে হবে। আগামীকাল আমাদের প্রতিভার অভাব হবে না, তবে বিষয়টা অন্যরকম দেখাবে।”

“আমাদের হাতে অনেক বিকল্প আছে। টমাস মুলার, ম্যাথিস টেল, জিনাব্রি, ওলিসে, লেরয়। আমি এখন প্রায় সবার নামই বললাম। এটা ঠিক যে, হ্যারি ২০ গোল করেছে... কিন্তু আক্রমণভাগে আমাদের বিপজ্জনক খেলোয়াড় আছে।”

বুন্ডেসলিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বেশ ভালো অবস্থায় আছে বায়ার্ন। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে তারা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট কমে দুইয়ে থাকা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের।