২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রেয়াল ছাড়তে ভিনিসিউসকে ‘মানা করেছিলেন’ মরিনিয়ো

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে আটকাতে অবশ্য বেশি কিছু করতে হয়নি, সেটাও বললেন দলটির নতুন কোচ।

রেয়াল ছাড়তে ভিনিসিউসকে ‘মানা করেছিলেন’ মরিনিয়ো
ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 11:43 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

বিশ্বকাপ শেষের পর হঠাৎ করেই ভিনিসিউস জুনিয়রের আর্সেনালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। যদিও শেষ পর্যন্ত পুরনো ঠিকানাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান তারকা। আর তার এই সিদ্ধান্তে নতুন কোচ জোসে মরিনিয়োর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানা গেল এবার।

এই পর্তুগিজ কোচ নিজেই জানালেন সেই কথা। ভিনিসিউসকে তিনি চলে যেতে মানা করেছিলেন। মরিনিয়ো অবশ্য এটাও বললেন যে, ভিনিসিউসকে আটকাতে তাকে বেশি কিছু করতে হয়নি, কারণ আগে থেকেই রেয়াল মাদ্রিদের প্রতি নিবেদিত এই ফরোয়ার্ড।

ভিনিসিউসের ভবিষ্যৎ নিয়ে ওই গুঞ্জন বাড়তি মাত্রা পাওয়ার কারণ রেয়ালের সঙ্গে তখন তার চুক্তির মেয়াদ কেবল এক বছর বাকি ছিল। নতুন চুক্তির আলোচনাও ঠিকঠাক হচ্ছিল না। পরে মত বদলে, ছয় বছরের নতুন চুক্তি করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। 

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস- এর সঙ্গে আলাপকালে সেই সময়ের কথা জানালেন মরিনিয়ো।

“অবশ্যই তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তবে ভিনিসিউস আগে থেকেই রেয়াল মাদ্রিদের প্রেমে পড়েছিল। তাকে আমি কেবল বলেছিলাম: ‘ভিনি, তুমি কোথায় যেতে চাও? তুমি (শুরুতে) ব্রাজিলে ছিলে এবং এরপর তুমি কেবল রেয়াল মাদ্রিদ সম্পর্কেই জানো।’

“তুমি রেয়াল মাদ্রিদের গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন এখান থেকে চলে যাবে, যখন এই ক্লাব ছেড়ে যাবে তখন বুঝতে পারবে রেয়াল মাদ্রিদ আসলে কী। তোমার চলে যাওয়া ঠিক হবে না।”

তাছাড়া আগের দুই মৌসুমের হতাশা কাটিয়ে ওঠার অভিযানে দল যেভাবে গড়ে উঠছে, প্রস্তুত হচ্ছে- তাতেও বিশ্বাস রেখে থেকে যাওয়ার পক্ষে যুক্তি পেয়েছেন ভিনিসিউস, বললেন মরিনিয়ো।

“আমার মনে হয়, দল যেভাবে বেড়ে উঠছে, যেভাবে আমরা কাজ করছি এবং উন্নতি করছি, এইসব তাকে ভালো অনুভূতি দিয়েছে। ভিনিসিউস আরেকটা যন্ত্র…  তাকে পরিশ্রম করতে দেখাটা আনন্দের। আমাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।”