১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বছরে ৬ শিরোপা জয়ের পর আগামীতেও ইতিহাস গড়ার বার্তা পিএসজি কোচের

ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে লুইস এনরিকে বললেন, সাফল্যের পথে হেঁটে আরও বহুদূর যেতে যান তারা।

বছরে ৬ শিরোপা জয়ের পর আগামীতেও ইতিহাস গড়ার বার্তা পিএসজি কোচের
পিএসজির দুই খেলোয়াড়ের সঙ্গে পিএসজি কোচ লুইস এনরিকে (মাঝে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ক্লাবের ইতিহাসে সবচেয়ে সেরা বছরটি কাটাচ্ছে পিএসজি। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স লিগসহ ছয়টি শিরোপা ঘরে তুলেছে তারা। সাফল্যের এই ধারা সামনেও ধরে রেখে নতুন নতুন ইতিহাস গড়তে চান দলটির কোচ লুইস এনরিকে।

সাফল্য রাঙা বছরে পিএসজির সবশেষ অর্জন ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোকে টাইব্রেকারে ২-১ ব্যবধানে হারায় তারা।

ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্র হয়। খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে পিএসজি এগিয়ে গেলে, বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ফ্ল্যামেঙ্গো।

এরপর পেনাল্টি শুটআউটে অবিশ্বাস্য দৃঢ়তা দেখান পিএসজির গোলরক্ষক মাতভেই সাফানভ। প্রতিপক্ষের চারটি শট ঠেকিয়ে দলকে উল্লাসে মাতান এই রুশ গোলরক্ষক।

শিরোপা জিতে বছর শুরু করেছিল পিএসজি। জানুয়ারির প্রথম সপ্তাহে উঁচিয়ে ধরেছিল তারা ফরাসি সুপার কাপ। এরপর বছরের মাঝামাঝি এসে ফরাসি কাপ, লিগ আঁ ও প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের কীর্তি গড়ে প্যারিসের ক্লাবটি।

চলতি মৌসুমের শুরুতে ঘরে তোলে উয়েফা সুপার কাপ এবং এবার এই শিরোপা জয়। ম্যাচের পর স্প্যানিশ কোচ এনরিকে বললেন, ভালো ফুটবল খেলে সাফল্যের পথে বহুদূর যেতে চান তারা।

“এই শিরোপা জিততে পারা দারুণ। আবারও আমরা আমাদের মান দেখিয়েছি, যেমনটা আমরা সারা বছর দেখিয়ে এসেছি। বড়দিনের আগে ফরাসি কাপের একটি ম্যাচ আছে। আমাদের লক্ষ্য থাকবে একইরকম; ম্যাচ জেতা এবং ভালো ফুটবল খেলা।”

“ছয়টি শিরোপা জয়। খারাপ নয়। আমাদের জয়ের ধারা বজায় রাখতে হবে এবং ইতিহাস গড়তে হবে।”

চলতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপ জয়েরও খুব কাছে ছিল পিএসজি। কিন্তু ফাইনালে চেলসির বিপক্ষে ৩-০ গোলে হেরে সেই স্বপ্ন ভাঙে তাদের।