ইংলিশ ফুটবল
Published : 23 Nov 2024, 12:00 AM
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে ‘বিশ্বাস’ শব্দটা অনেকবার উচ্চারিত হলো হুবেন আমুরির কণ্ঠে। পর্তুগিজ কোচের দৃঢ় বিশ্বাস, দীর্ঘদিন ধরে অতীতের কঙ্কাল হয়ে থাকা এই ক্লাবের হারানো গৌরব তিনি ফিরিয়ে আনতে পারবেন। এজন্য নিজেকেই সঠিক ব্যক্তি মনে করেন তিনি।
দলের টানা বাজে পারফরম্যান্সের জেরে গত অক্টোবরে এরিক টেন হাগকে বরখাস্ত করার পর এই মাসের শুরুর দিকে আড়াই বছরের চুক্তিতে আমুরিকে নিয়োগ দেয় প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। ২০১৩ সালে ওল্ড ট্র্যাফোর্ড থেকে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর দলটির ষষ্ঠ স্থায়ী কোচ ৩৯ বছর বয়সী আমুরি।
ফার্গুসনের বিদায়ের পর থেকে এক দশকের বেশি সময়ে আর কখনও লিগ শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। ডেভিড ময়েস, লুই ফন খাল, জোসে মরিনিয়ো, ওলে গুনার সুলশার ও টেন হাগ, ব্যর্থ হয়েছেন তারা সবাই। সেই চ্যালেঞ্জ এখন আমুরির সামনে।
স্পোর্তিং লিসবনের হয়ে পর্তুগালে দারুণ সাফল্য পাওয়া কোচ নিজেকে দেখেন একজন ‘স্বপ্নবাজ’ হিসেবে। শুক্রবার সংবাদ সম্মেলনে প্রত্যয়ী কণ্ঠে বললেন, ইউনাইটেডকে আবারও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে পারবেন তিনি। তবে এজন্য সময় লাগবে তার।
“আমি কিছুটা স্বপ্নদর্শী, নিজের ওপর আমার বিশ্বাস আছে এবং ক্লাবকে বিশ্বাস করি। আমি মনে করি, আমাদের একই ভাবনা, একই মানসিকতা, যা লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে।”
“আমি সত্যিই খেলোয়াড়দের সামর্থ্যে বিশ্বাস করি, জানি অনেকে অনেক কিছু বিশ্বাস করেন না, কিন্তু আমি করি। আমি নতুন কিছু চেষ্টা করতে চাই…আমি বিশ্বাস করি, সঠিক সময়ে এখানে আমিই সঠিক ব্যক্তি। সত্যিই বিশ্বাস করি, আমিই সঠিক ব্যক্তি।”
আমুরির কোচিংয়ে ইউনাইটেড প্রথম ম্যাচ খেলবে আগামী রোববার, প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে।
১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ইউনাইটেড আছে ১৩ নম্বরে। ১৭ নম্বরে আছে ইপ্সউইচ।