২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোও এখন ‘পছন্দ করবেন’ ম্যান ইউনাইটেডের অত্যাধুনিক ট্রেনিং কমপ্লেক্স

চার বছর আগে যেটির সমালোচনা করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, ৫ কোটি পাউন্ডে সংস্কারের পর সেখানেই এখন থাকছে স্মার্ট ইউরিনাল, আন্ডারওয়াটার ট্রেডমিল, ফর্মুলা ওয়ান সিমুলেটর, অক্সিজেন চেম্বারসহ আরও অনেক কিছু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 02:08 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

স্মার্ট ইউরিনালস তৈরি করা হয়েছে বেশ কিছু, যেখানে ফুটবলারদের হাইড্রেশনের মাত্রা পরিমাপ করা যাবে স্বয়ংক্রিয়ভাবে। থাকছে ড্রাই হাইড্রেশন ট্যাঙ্ক, আন্ডারওয়াটার ট্রেডমিল, ফর্মুলা ওয়ান সিমুলেটর, প্যাডেল কোর্টসহ অনেক কিছু। সংস্কারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং কমপ্লেক্স থেকে ডিফেন্ডার দিয়েগো দালত বললেন, ক্রিস্তিয়ানো রোনালদো দেখলেও এখন দারুণ পছন্দ করবেন এই সেন্টার।

ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং কমপ্লেক্স নিয়ে অনেক অভিযোগ, সমালোচনা, ঘাটতি নিয়ে আলোচনা ছিল বেশ কয়েক বছর ধরেই। ২০২১ সালে রোনালদো সাক্ষাৎকারে বলেছিলেন, গত ১২ বছরে ইউনাইটেডের ট্রেনিং সেন্টারে কিছুই বদলায়নি এবং একটা সময়ে থমকে আছে। সেটিই এখন সংস্কারের পর রূপ নিয়েছে অত্যাধুনিক ও আকর্ষণীয় এক কমপ্লেক্সে।

ক্লাবের স্বত্বাধিকারীদের একজন স্যার জিম র‌্যাটক্লিফের উদ্যোগ ও সহায়তায় এক বছর আগে শুরু হয়েছিল সংস্কার কাজ। ৫ কোটি পাউন্ড খরচ করে সংস্কারের পর শুক্রবার ক্যারিংটন ট্রেনিং কমপ্লেক্স আবার উদ্বোধন করেন র‌্যাটক্লিফ।

এই কমপ্লেক্সে থাকছে হাই-অল্টিটিউড চেম্বার, স্লিপ পড, রেড লাইট থেরাপি, অক্সিজেন ও ক্রায়োথেরাপি চেম্বারসহ আরও অনেক কিছু। এমনকি বারবার শপও থাকছে, যেখানে ব্যক্তিগত হেয়ার ড্রেসারদের আনতে পারবেন ফুটবলাররা। পুরো কমপ্লেক্সে প্রাকৃতিক আলো প্রবেশের যথাসম্ভব ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই চনমনে ও ইতিবাচক থাকেন। 

সব মিলিয়ে ফুটবলার ও স্টাফদের যা যা দরকার, সবকিছুই এক ছাদের নিচে রাখার আয়োজন আছে এই কমপ্লেক্সে।

প্রখ্যাত স্থপতি নর্ম্যান ফস্টার ও তার ফার্ম ফস্টার+পার্টনারের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই ‘টেস্ট অব দা আর্ট’ কমপ্লেক্সটি। গত বছর ক্লাবে ৩০ কোটি পাউন্ডের যে বিনিয়োগের ঘোষণা দেন র‌্যাটক্লিফ, সেটির অংশ হিসেবেই সংস্কা করা হয়েছে এই কমপ্লেক্সের। 

এই কমপ্লেক্স সংস্কার ও সুযোগ-সুবিধাগুলো তৈরির ক্ষেত্রে পরামর্শ নেওয়া হয় ফুটবলার ও কোচিং স্টাফদের। এনএফএল দল লস অ্যাঞ্জেলস র‌্যামস ও সেন্ট জর্জেস পার্কে ইংল্যান্ড জাতীয় দলের অনুশীলন কমপ্লেক্সসহ আরও নানা জায়গা থেকে ধারণা নিয়ে তা কাজে লাগানো হয় এখানে। 

ফুটবলারদের মধ্যে ব্রুনো ফের্নান্দেস, হ্যারি ম্যাগুইয়ার, টম হিটন ও দিয়োগো দালোতের সঙ্গে আলোচনা করা হয়েছে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে। 

নতুন কমপ্লেক্স ব্যবহারের সুযোগ পাওয়া প্রথম কয়েকজনের মধ্যে ছিলেন দিয়োগো দালোত। উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী ডিফেন্ডার বললেন, এখন মাঠেও তাদেরকে এসবের প্রতিফলন ফেলতে হবে। 

“আমার মনে হয়, অবশেষে আমরা সেই পর্যায়ে যেতে পারছি, এই ক্লাবে যেখানে থাকার কথা এবং এখন আমাদের ওপর নির্ভর করছে মাঠেও সেই মান ফুটিয়ে তোলার। ম্যান ইউনাইটেডের মতো ক্লাবে বিশ্বের সেরা সুযোগ-সুবিধাগুলো থাকা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমার মনে হয়, এখন আর অজুহাত দেওয়ার কিছু থাকবে না।”

ট্রেনিং সেন্টার নিয়ে চার বছর আগে রোনালদোর সেই সমালোচনা প্রসঙ্গে দালোতকে জিজ্ঞেস করতেই পর্তুগিজ এই ডিফেন্ডার বললেন, “আমি নিশ্চিত, এখন দেখার সুযোগ পেলে তিনিও এটা পছন্দ করবেন।”

“তবে সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার ছিল যে, এই ক্লাবে আরও ভালো কিছু থাকা উচিত এবং তা তৈরি করার সবটুকু কৃতিত্ব স্যার জিম র‌্যাটক্লিফ ও তার দলের। অসাধারণ কাজ করেছেন তারা।”

রোনালদোর অভিযোগ ছিল ক্লাবের খাবারের মান নিয়েও। সেখানেও এখন সেরা মানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ডাইনিংস লাউঞ্জও আরও আকর্ষণীয় করা হয়েছে নানা আয়োজনে সমৃদ্ধ করে।

২০০০ সালে তৈরি করা ট্রেনিং কমপ্লেক্স অবশেষে সময়ের সঙ্গে আধুনিক করা হলো দুই যুগ পর। আগের ট্রেনিং সেন্টারকে হাসপাতালের সঙ্গে তুলনা করলেন ২০২৩ সালে ক্লাবের সহ-সত্বাধিকারী হওয়া স্যার র‌্যাটক্লিফ। 

“এই ক্লাবের যে ইতিহাস ও পরিধি, সেটার সঙ্গে তাল রেখে সর্বোচ্চ পর্যায়ে লড়তে হবে দলকে। স্রেফ বিশ্বমানের ট্রেনিং সুবিধা দিয়েই কেবল এটি নিশ্চিত হবে না, তবে এটি অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। আমাদের এখন তেমন একটি সেন্টার আছে।”

“দুই বছর আগে আমি যখন প্রথম ক্যারিংটনে আসি, আমাদেরকে একটি প্রেজেন্টেশন দেখানো হয়েছিল। তখনই বুঝে গিয়েছিলাম। ২০০০ সালে এটা নিশ্চয়ই সেরকমই (বিশ্বমানের) ছিল, তবে ২৫ বছর পর সেটি আর ওই পর্যায়ের ছিল না, বিশ্বের সেরা চার-পাঁচটি ক্লাবের হিসেবে যেখানে থাকার কথা। আমার মনে হয়েছিল, বেজমেন্টের কোনো হাসপাতালে আছি আমরা। বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল, খরগোশের গর্ত যেন। এখন এটা খোলামেলা, তরতাজা ও বেশ আধুনিক। পারস্পরিক মিথষ্ক্রিয়াকে জাগিয়ে তোলে এটি। এমন কিছুই আমরা চাচ্ছিলাম।”

এই কমপ্লেক্স সংস্কারের আগে গত বছর মেয়েদের মূল দলের ও ছেলেদের একাডেমি দলের কমপ্লেক্স গড়ে তোলা হয় ১ কোটি পাউন্ড খরচায়। 

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড নতুন মৌসুম শুরু করবে ১৭ অগাস্ট ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে লড়াই দিয়ে।