২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৪ পেনাল্টি শট ঠেকিয়ে হাত ভেঙে গেছে পিএসজি গোলরক্ষকের

পুরোপুরি সুস্থ হয়ে এই রুশ গোলরক্ষকের মাঠে ফিরতে অনেকটা সময় লাগতে পারে।

৪ পেনাল্টি শট ঠেকিয়ে হাত ভেঙে গেছে পিএসজি গোলরক্ষকের
মাতভেই সাফানভ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

দুইদিন আগে অবিশ্বাস্য এক ম্যাচ খেলেছেন মাতভেই সাফানভ। টাইব্রেকারে চার শট ঠেকিয়ে দলকে জিতিয়েছেন ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। তবে, ওই অসাধারণ পারফরম্যান্সের মাঝেই বড় এক দুর্ঘটনা ঘটে গেছে। হাত ভেঙে গেছে পিএসজি গোলরক্ষকের।

গত বুধবার ওই প্রতিযোগিতার ফাইনালে ফ্ল্যামেঙ্গার সঙ্গে পিএসজির নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলিয়ান ক্লাবটির চারটি শট ঠেকিয়ে দেন সাফানভ। তাতে ২-১ ব্যবধানে জিতে বছরে ষষ্ঠ ট্রফি ঘরে তোলে প্যারিসের দলটি।

পরের ম্যাচে শনিবার ফরাসি কাপে ফঁতনের বিপক্ষে খেলবে পিএসজি। আগের দিন বিবৃতিতে সাফানভের হাত ভেঙে যাওয়ার কথা জানিয়েছে ক্লাবটি। পুরোপুরি সুস্থ হতে তার তিন-চার সপ্তাহ লাগতে পারে।

পরে সংবাদ সম্মেলনে সাফানভের চোট পাওয়ার বিষয়ে বিস্তারিত জানান কোচ লুইস এনরিকে।

“আমি ঠিক বর্ণনা করতে পারব না, অবিশ্বাস্য ব্যাপার; কিন্তু খেলোয়াড় জানেই না কিভাবে সে চোট পেল। আমাদের মনে হয়, তৃতীয় পেনাল্টির সময় (সে চোট পেয়েছে) যখন সে কিছুটা অদ্ভূতভাবে মুভ করেছিল।”

“হয়তো অ্যাড্রেনালিনের প্রভাবে সে (হাত ভাঙা নিয়েই) শুটআউট শেষ করেছিল। সাফানভসহ যেভাবে সব খেলোয়াড়ের সবসময় দলকে সাহায্য করার মানসিকতা আছে, তা অবিশ্বাস্য। খেলোয়াড়দের এই মানসিকতাই আমরা চাই। দলকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং সবসময় পরিশ্রম করতে হবে।”

ওই ম্যাচের পর এখনও এই রুশ গোলরক্ষকের সঙ্গে কথা বলেননি বলেও জানালেন এনরিকে। বললেন, সাফানভের চোট পাওয়ার মাঝে একটা ইঙ্গিতও আছে যে তার বিশ্রাম দরকার।