এন্দ্রিককে রেয়াল মাদ্রিদ ছাড়তে ‘বলেননি’ আনচেলত্তি
দলবদলের ব্যাপারটি পুরোপুরি ক্লাব ও খেলোয়াড়ের বিষয় বলে মনে করেন ব্রাজিল কোচ।
২০২৬ বিশ্বকাপে খেলতে চাইলে এন্দ্রিককে রেয়াল মাদ্রিদ ছাড়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, এমন একটি খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। তবে স্প্যানিশ ক্লাবটির সাবেক কোচ আনচেলত্তির দাবি, খবরটি মোটেও সত্যি নয়। দলবদলের ব্যাপারটি পুরোপুরি ক্লাব ও খেলোয়াড়ের বিষয় বলে মনে করেন তিনি।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ব্রাজিলের খবর, ১৯ বছর বয়সী এন্দ্রিক আগামী জানুয়ারির দলবদলে ধারে লিওঁতে যোগ দিতে যাচ্ছেন এবং তিনি ইতোমধ্যে ফরাসি ক্লাবটির নতুন কোচ পাওলো ফনসেকার সঙ্গে কথা বলেছেন।
উভয় ক্লাব ও খেলোয়াড় নাকি মৌখিকভাবে সম্মত হয়েছে এবং এন্দ্রিকের বেতনের অর্ধেক দেবে লিওঁ।
এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে রেয়ালের হয়ে একটি ম্যাচে মাত্র ১১ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি দাবি করলেন, এন্দ্রিককে রেয়াল ছাড়ার কথা বলেননি তিনি।
“সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কারণ সে ব্রাজিলিয়ান ফুটবল থেকে বেরিয়ে আসা প্রতিভাদের একজন।”
“আমরা তাকে পর্যবেক্ষণ করছি। তবে আমি বলেছি বিশ্বকাপে যাওয়ার জন্য এন্দ্রিকের রেয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া উচিত, এই কথা সত্যি নয়। এটা রেয়াল মাদ্রিদ ও খেলোয়াড়ের মধ্যকার ব্যাপার। তাকে ক্লাবের সঙ্গে কথা বলতে হবে এবং নিজের ও রেয়াল মাদ্রিদের জন্য সেরা সিদ্ধান্ত নিতে হবে।”
অনেক সম্ভাবনা নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে রেয়ালে যোগ দেন এন্দ্রিক। প্রথম মৌসুমে আনচেলত্তির কোচিংয়ে ৩৭ ম্যাচে ৭ গোল করেন তিনি। কিন্তু গত মে মাসে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর যখন রেয়ালের কোচ হয়ে আসেন শাবি আলোন্সো, তারপর থেকে খেলার সুযোগ সীমিত হয়ে যায় এন্দ্রিকের। মৌসুমের শুরুতে চোটে ভোগার পর সেরে উঠলেও, খেলার সুযোগ তেমন একটা মিলছে না তার।
এতে তার আগামী বিশ্বকাপে খেলার আশাও ফিকে হয়ে আসছে দিন দিনকে। ২০২৩ সালের নভেম্বরে জাতীয় দলে অভিষিক্ত এই তরুণ টানা চার উইন্ডোতে ব্রাজিল দলে ডাক পাননি।
এই সপ্তাহের শুরুতে আনচেলত্তি বলেছিলেন, এন্দ্রিকের ‘খেলায় ফেরা ও তার মান দেখানো গুরুত্বপূর্ণ।’
