হারানো সুযোগগুলো নিয়ে ভাবছেন না জয়ে খুশি আনচেলত্তি
কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়র ভালো সুযোগ হাতছাড়া না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত রেয়াল মাদ্রিদ।
নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কঠিন লড়াইয়ে জিতে একটু এগিয়েই আছে রেয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়র সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বড় হতেই পারত। তবে মৌসুমে প্রথমবারের মতো আতলেতিকো মাদ্রিদকে হারানোর উচ্ছ্বাসের মাঝে হারানো সুযোগগুলো নিয়ে ভাবতে চান না রেয়াল কোচ কার্লো আনচেলত্তি।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় মাদ্রিদের দুই ক্লাব। সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ ব্যবধানে জিতে একটু এগিয়ে গেছে রেয়াল।
শুরুতেই স্বাগতিকদের এগিয়ে নেন রদ্রিগো। হুলিয়ান আলভারেসের গোলে প্রথমার্ধেই সমতা ফেরায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের সফলতম দল রেয়াল।
ম্যাচের শেষ দিকে অনেকগুলো সুযোগ তৈরি করে স্বাগতিকরা। খুব ভালো জায়গা থেকেও সেগুলো কাজে লাগাতে পারেননি এমবাপে, ভিনিসিউসরা। জয়ের পর এসব নিয়ে ভাবছেন না আনচেলত্তি। ইউরোপের সেরা দলগুলোর একটি আতলেতিকোর বিপক্ষে জয়ে খুশি তিনি। তবে এতে ভেসে না গিয়ে মনে করিয়ে দিয়েছেন, পরের ধাপে যেতে হলে ওয়ান্দা মেত্রোপলিতানোয়, নিজেদের উজাড় করে দিতে হবে তাদের।
“এগুলো সম শক্তির দলের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে এটা শেষ ষোলোর লড়াই, তবে অনায়াসেই এটা ফাইনাল কিংবা সেমি-ফাইনাল হতে পারত। আতলেতিকো ইউরোপের সেরা দলের একটি। আর এই লড়াইয়ের প্রথম লেগেই নিষ্পত্তির কথা আপনি ভাবতে পারবেন না।”
“আমরা স্বল্প ব্যবধানে এগিয়ে আছি যা ফিরতি লেগে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। এটা কঠিন একটি ম্যাচ ছিল… বরাবরের মতোই। আতলেতিকোর বিপক্ষে যা সবসময়ই হয়।”
চলতি মৌসুমে আতলেতিকোর বিপক্ষে আগের দুই ম্যাচে ১-১ ড্র করেছিল রেয়াল। এবার জিততে পারাকে বড় করে দেখছেন আনচেলত্তি।
“প্রথমার্ধে আমরা অনেক বল হারিয়েছি, আমরা অনেক অপ্রয়োজনীয় ভুল করেছি, যার মাশুল প্রায় দিতেই হচ্ছিল আমাদের। হুলিয়ান আলভারেসের গোলে ওরা সমতা ফিরিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো ছিলাম। আমরা তখন সুযোগ কাজে লাগাতে পেরেছি।”
আক্রমণভাগের দুই তারকা এমবাপে ও ভিনিসিউসের জন্য রাতটা হতাশারই ছিল। খুব ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। আনচেলত্তি নিশ্চিত ফিরতি লেগেই নিজেদের স্বরূপে মেলে ধরবেন তারা।
“আমি মনে করি, আতলেতিকোর রক্ষণের বিপক্ষে খেলা সহজ কাজ নয়। ম্যাচে আমরা অনেক বেশি সুযোগ পাইনি। ওরা দুই জন কঠোর পরিশ্রম করেছে, কঠিন লড়াই করেছে।”
“আমরা যেমন জানি নিজেদের সেই মান দেখানোর সুযোগ তারা পায়নি। তবে সেটা করতে তাদের জন্য ফিরতি লেগ আছে।”
আগামী বুধবার আতলেতিকোর মাঠে মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব।
