২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির ফুটবল প্রধানের পদত্যাগ

ইতালি ফের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর, জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান জানলুইজি বুফ্ফনও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ইতালির ফুটবল প্রধানের পদত্যাগ
গাব্রিয়েলে গ্রাভিনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 10:02 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে জাতীয় দলের ব্যর্থতার জেরে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতির পদ থেকে গাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মঙ্গলবার টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে ইতালির। এরপরই গ্রাভিনাকে সরে যাওয়ার অনুরোধ করে ইতালি সরকার।

নতুন সভাপতি নির্বাচনের জন্য আগামী ২২ জুন বিশেষ এক সভা করবে এফআইজিসি। অন্যদিকে, গ্রাভিনা ৮ এপ্রিল সংসদীয় কমিটির সামনে ‘ইতালিয়ান ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন দিতে’ হাজির হওয়ার প্রস্তাব দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান ও সাবেক গোলরক্ষক জানলুইজি বুফ্ফনও এদিন সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইতালি। ২০০৬ সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের পর মূল পর্বে স্রেফ একটি ম্যাচ জিততে পেরেছে তারা।

২০১৮ সালের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফআইজিসির সভাপতি নির্বাচিত হয়েছিলেন গ্রাভিনা। তার আগের সভাপতিও ২০১৮ বিশ্বকাপে ইতালি যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পর পদত্যাগ করেছিলেন।