১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আয়াক্সের অভাবনীয় পতনের পর সরে দাঁড়ালেন ফারিওলি

লিগের পাঁচ রাউন্ড বাকি থাকতে ৯ পয়েন্টে এগিয়ে থাকার পরও শিরোপা জিততে না পারার যন্ত্রণা নিয়ে বিদায় নিলেন আয়াক্সের ইতালিয়ান কোচ।

আয়াক্সের অভাবনীয় পতনের পর সরে দাঁড়ালেন ফারিওলি
ফ্রান্সেসকো ফারিওলি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

তিন বছরের চুক্তি শেষ হয়ে গেল এক বছরেই। জোরাল সম্ভাবনা জাগিয়েও অবিশ্বাস্য ধসে ডাচ লিগের শিরোপা জিততে না পারার পর আয়াক্সের কোচের দায়িত্ব ছাড়লেন ফ্রান্সেসকো ফারিওলি।

লিগের পাঁচ রাউন্ড বাকি থাকতে ৯ পয়েন্টে এগিয়ে ছিল আয়াক্স। শিরোপা পুনরুদ্ধার করতে শেষ পাঁচ ম্যাচে তাদের প্রয়োজন ছিল স্রেফ ৬ পয়েন্ট। কিন্তু এই সময়ে তারা অর্জন করতে পারে ৫ পয়েন্ট। টানা চার ম্যাচে (২টি করে হার ও ড্র) পয়েন্ট হারানোর পর রোববার শেষ রাউন্ডে জিতলেও লাভ হয়নি তাদের।

শেষ সাত ম্যাচের সবকটি জিতে, এক পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা ধরে রাখে পিএসভি আইন্দহোভেন, যারা আসরে আয়াক্সের কাছে দুবারের দেখাতেই হেরেছিল।

ইএসপিএন গ্লোবাল রিসার্চের মতে, আয়াক্সই প্রথম ইউরোপিয়ান দল যারা লিগের পাঁচ ম্যাচ বাকি থাকতে ৯ পয়েন্টে এগিয়ে থেকেও শিরোপা জিততে পারল না। 

শেষ রাউন্ডের পর অঝোরে কাঁদতে দেখা যায় ফারিওলিকে। পরদিনই ৩৬ বছর বয়সী এই ইতালিয়ানের সরে দাঁড়ানোর কথা জানাল আয়াক্স। তার কোচিং স্টাফের বাকিরাও চলে যাচ্ছেন।

ডাচ লিগের রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন আয়াক্স গত আসর শেষ করেছিল পাঁচে থেকে। এরপরই গত গ্রীষ্মে তিন বছরের চুক্তিতে ফারিওলিকে দায়িত্ব দিয়েছিল ক্লাবটি।