২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে চাপে নেই ‘পথ হারাতে বসা’ আর্সেনাল

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিততে না পারলেও ইউরোপ সেরার মঞ্চে নিজেদের ধারাবাহিক মনে করেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

চ্যাম্পিয়ন্স লিগে চাপে নেই ‘পথ হারাতে বসা’ আর্সেনাল
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

প্রিমিয়ার লিগে হুট করে যেন পথ হারিয়ে ফেলতে শুরু করেছে আর্সেনাল। টানা তিন ম্যাচে জয় শূন‍্য তারা। চ্যাম্পিয়ন্স লিগে তাই বাড়তি চাপে থাকার কথা তাদের। কিন্তু মিকেল আর্তেতা বলছেন, ইউরোপ সেরার প্রতিযোগিতায় তেমন কোনো চাপই অনুভব করছেন না তারা।

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে ছুটছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে ৭-১ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে দিয়ে রেখেছে এক পা। 

কিন্তু প্রিমিয়ার লিগে সময়টা একদমই ভালো যাচ্ছে না আর্সেনালের। লিগ শিরোপার দৌড়ে লিভারপুলের সঙ্গে এতদিন বেশ ভালোভাবেই লড়াইয়ে ছিল তারা। কিন্তু সবশেষ তিন ম্যাচে জিততে না পেরে শীর্ষে থাকা অ্যানফিল্ডের দল থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে গেছে আর্তেতার দল। এক ম্যাচ কম খেলা লন্ডনের ক্লাবটি ৫৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

আর্সেনালের লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এফএ কাপ ও লিগ কাপ থেকে তো আগেই বিদায় নিয়েছে দলটি। তাই মৌসুমে তাদের শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনা আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগে।

ঘরের মাঠে বুধবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসভির মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিনের সংবাদ সম্মেলনে আর্তেতা বললেন, চ‍্যাম্পিয়ন্স লিগে খেলতে বাড়তি কোনো চাপ কাজ করছে না তাদের মধ্যে। 

“এটা এমন একটি প্রতিযোগিতা যেখানে আমরা অনেক উদ্দীপ্ত থাকি। অনেক প্রাণশক্তি থাকে, এখানে আমরা খুব ধারাবাহিক। আগামীকাল জিতলে ভালো একটা অবস্থায় থাকব, এইটুকুই… এটা চাপ বাড়াচ্ছে না, আমরা কোথায় আছি এবং কি করতে চাই সেই বাস্তবতা তুলে ধরছে।”

“আমরা ভালো করেই জানি যে, এই ফুটবল ক্লাবের চাওয়া সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো এবং প্রতিযোগিতা জেতা, এই তো।”

কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদ কিংবা রেয়াল মাদ্রিদের মুখোমুখি হতে পারে আর্সেনাল। পরের প্রতিপক্ষ নিয়ে ভাবনাও তুলে ধরেন আর্তেতা।

“যেদিন থেকে শেষ ষোলোর দলের তালিকা দেওয়া হয়, আমি নিশ্চিত সেদিন থেকে সবাই অন্য দলের প্রতিও নজর রাখছে…”