টটেনহ্যামের বিপক্ষে পিএসজিকে ‘প্রভাববিস্তারি’ দেখতে চান এনরিকে
এবার ভিন্ন প্রতিযোগিতায় লড়াইটাও অন্যরকম হবে বলে মনে করেন পিএসজি কোচ।
চার মাসের মধ্যে আবারও যখন মুখোমুখি পিএসজি ও টটেনহ্যাম হটস্পার, ঘুরে-ফিরে আসছে দল দুটির সবশেষ লড়াইয়ের প্রসঙ্গ। যেখানে অনেকটা সময় নিষ্প্রভ থেকে, পরাজয়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে উয়েফা সুপার কাপ জিতে নিয়েছিল পিএসজি। এবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আরও বেশি প্রভাববিস্তারি দলীয় পারফরম্যান্স চান ফরাসি দলটির কোচ লুইস এনরিকে।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় বুধবার ঘরের মাঠে টটেনহ্যামের মুখোমুখি হবে শিরোপাধারীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গত অগাস্টে ইতালির উদিনেতে উয়েফা সুপার কাপের এক ম্যাচের শিরোপা লড়াইয়ে মিকি ফন দে ফেন ও ক্রিস্তিয়ান রোমেরোর গোলে ৪৮ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ৮৪ মিনিট পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে জয়ের সুবাস পাচ্ছিল ইংলিশ ক্লাবটি। তবে ৮৫তম মিনিটে লি কাং-ইন ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে গন্সালো রামোসের গোলে ২-২ ড্র হয় ম্যাচ। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শিরোপা উল্লাস করে পিএসজি।
যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির বিপক্ষে ৩-০ গোলে হারের এক মাস পরই নতুন মৌসুমে ম্যাচটি খেলতে হয় পিএসজিকে। দলকে প্রস্তুত করা তাই কঠিন ছিল এনরিকের জন্য। তার মধ্যে জানলুইজি দোন্নারুম্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই ইতালিয়ান গোলরক্ষককে দল থেকে বাদ দেওয়া হয় এবং শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান তিনি।
এবার দল আরও ভালোভাবে প্রস্তুত, ম্যাচের আগের দিন বললেন এনরিকে। প্রতিপক্ষের প্রশংসাও করলেন সাবেক বার্সেলোনা কোচ।
“প্রস্তুতি নেওয়া সহজ; আমাদের বেশি কথা বলার প্রয়োজন নেই, কারণ এটা ভিন্ন ম্যাচ এবং আমাদের জন্য ভিন্ন প্রতিযোগিতা। এটা আমাদের প্রতিযোগিতা, আমরা বর্তমান চ্যাম্পিয়ন এবং আমরা আমাদের পথে চলতে চাই।”
“টটেনহ্যাম মৌসুমের শুরুটা দারুণ করেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে এখনও অপরাজিত। তাদের বেশিরভাগ খেলোয়াড়ই আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতাসম্পন্ন। তারা শক্তিশালী দল।”
শিরোপা জিতলেও সুপার কাপে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন পিএসজি কোচ। এই স্প্যানিয়ার্ডের চাওয়া, এবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য করুক তার দল।
“সুপার কাপ? ওটা ছিল মৌসুমের প্রথম ম্যাচ; বুধবারের ম্যাচ হবে ভিন্ন। সুপার কাপ ভালো স্মৃতি কারণ আমরা ভালোভাবে শেষ করেছিলাম, কিন্তু প্রথম ৬০ মিনিটের কথা বললে খারাপ স্মৃতি, তখন পর্যন্ত আমরা সংগ্রাম করছিলাম।”
“আমরা একটি প্রভাববিস্তারি দল হতে এবং ম্যাচ জিততে আরও ভালোভাবে প্রস্তুত। প্রতিটি ম্যাচেই আমাদের লক্ষ্য একই: প্রভাববিস্তারি হওয়া। লড়াইটা কঠিন হবে, তবে আমরা পাক দি ফ্রাঁসে খেলব এবং আমাদের ভক্তদের সামনে খুব ভালো একটি ম্যাচ খেলার আশা করছি।”
এই মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে চোটে পড়া উসমান দেম্বেলেকে আসছে ম্যাচে পাওয়ার আশা করছেন এনরিকে। এবারের ব্যালন দ’র জয়ী এই ফরাসি ফরোয়ার্ড অনুশীলনে ফিরলেও গত শনিবার ঘরোয়া লিগে লু আভহার বিপক্ষে দলের ৩-০ গোলে জয়ের ম্যাচে খেলেননি।
“সে ভালোভাবে অনুশীলন করেছে। আগামীকাল (বুধবার) দেখব। যদি কোনো সমস্যা না থাকে, তাহলে সে দলে থাকবে।”
প্রাথমিক পর্বে চার ম্যাচের তিনটিতে জিতেছে ও একটিতে হেরেছে পিএসজি। সমান ম্যাচে টটেনহ্যামের জয় ও ড্র দুটি করে।
