পেনাল্টিতে ম্লান মেসিকে হারের দায় দিচ্ছেন না কোচ
লিওনেল মেসি পেনাল্টিতে সুযোগ কাজে লাগাতে পারলে এগিয়ে যেত ইন্টার মায়ামি, কিন্তু অধিনায়কের ওই ব্যর্থতার পর দল হেরে যায় বড় ব্যবধানে।
সুযোগ ছিল দলকে এগিয়ে নেওয়ার। কিন্তু যার ওপর ভরসা সবচেয়ে বেশি, সেই লিওনেল মেসিই ব্যর্থ হলেন সুযোগ কাজে লাগাতে। সেই ব্যর্থতার রেশ রইল ম্যাচজুড়ে। ইন্টার মায়ামি আর জালের দেখাই পেল না। প্রতিপক্ষ জিতে গেল বড় ব্যবধানে। তবে দলের অমন পরাজয়ের পর মেসির দিকে আঙুল তুলছেন না কোচ হাভিয়ের মাসচেরানো।
মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে ম্যাচের ৩২তম মিনিটে পেনাল্টিতে গোল করতে পারেননি মেসি। তার পানেনকা শট সহজেই ধরে ফেলেন গোলকিপার ক্রিস্তিয়ান কালিনা।
তখনও পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। ওই পেনাল্টির পরপরই গোল করে এগিয়ে যায় শার্লট। শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে উড়িয়ে দেয় তারা ৩-০ গোলে।
দলের পরাজয়ের পর মেসির ওই পেনাল্টিতে গোল করতে না পারার যন্ত্রণা আরও তীব্র হওয়ার কথা। তবে অধিনায়ককে মোটেও কাঠগড়ায় তুলছেন না কোচ মাসচেরানো।
“আমার মনে হয়, একটি ব্যাপার আমরা করতে পারি না, তা হলো ওই পেনাল্টিকে দোষ দেওয়া বা শুধু ওখানেই আটকে থাকা। এটা হলে খুব অন্যায্য হবে। ম্যাচ পরিস্থিতিতে এরকম হতেই পারে। গোটা মৌসুমজুড়ে কেউ যদি আমাদের ম্যাচের পর ম্যাচ জিততে সহায়তা করে থাকে, সেটা অবশ্যই লিও।”
১৯ গোল করে এবার এখনও পর্যন্ত লিগের গোল স্কোরারদের তালিকায় দুইয়ে আছেন আর্জেন্টাইন তারকা। সহায়তা করেছেন ১১ গোলে।
এই ম্যাচের আগে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলেই হেরেছিল মায়ামি। সেই ম্যাচের পর প্রতিপক্ষের দিকে থুথু ছিটিয়ে নিষিদ্ধ হয়েছেন লুইস সুয়ারেস। এরপর আন্তর্জাতিক বিরতি শেষে ফেরার পর আবার মুখ থুবড়ে পড়তে হলো তাদের।
এই ধাক্কা সামলানোর সময় খুব বেশি নেই। মঙ্গলবারই আবার মাঠে নামতে হবে তাদেরকে। তবে ঘাম ঝরিয়ে জয়ের পথে ফিরতে আত্মবিশ্বাসী কোচ মাসচেরানো।
“অবশ্যই আমাকে যা দুর্ভাবনায় ফেলছে, তা হলো আমরা ৩-০ ব্যবধানে হেরেছি। ভালো খেলার চেষ্টা আমাদের ছিল ও তিন পয়েন্টের লক্ষ্য ছিল যেন জয়ের ধারায় ফিরতে পারি এবং সামনের পথচলার জন্য আত্মবিশ্বাস গড়তে পারি। তা হলো না। এখন এসবকেই সামলাতে হবে আমাদের।”
“দুর্ভাগ্যজনকভাবে এমন রাত আমাদের প্রত্যাশিত ছিল না। তবে আমরা চেষ্টা করব দ্রুত ঘুরে দাঁড়াতে, কারণ মঙ্গলবার আরেকটি কঠিন লড়াই আমাদের অপেক্ষায়। কঠোর পরিশ্রম করে ও ম্যাচ জিতে আমরা এই দুঃসময় থেকে বেরিয়ে আসব। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই।”
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শার্লটের অবস্থান এখন তৃতীয়। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত আট নম্বরে আছে মায়ামি। যদিও মেসিরা ম্যাচ খেলেছেন ২৬টি।
