২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বকাপের চেয়ে এখন হেরে যাওয়া ভালো’

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কাতার বিশ্বকাপে কাজে লাগাতে চান জার্মানি কোচ হান্স ফ্লিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 07:47 PM

Updated : 24 Sep 2022, 08:02 PM

হান্স ফ্লিকের হাত ধরে গত বছরের শেষটা দুর্দান্ত করেছিল জার্মানি। তবে এ বছরের শুরু থেকেই তাদের পেছন পানে হাঁটার শুরু। তারপরও তো চলছিল অপরাজেয় যাত্রা। এবার সেটাও থেমে গেল হাঙ্গেরির সাহসী ফুটবলের সামনে। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে হারের পর স্বাভাবিকভাবেই সইতে হচ্ছে সমালোচনা। তবে দল নিয়ে চিন্তার কিছু দেখছেন না জার্মান কোচ। বললেন, বিশ্বকাপে গিয়ে পথ হারানোর চেয়ে এখন হেরে যাওয়াই বরং ভালো হয়েছে।

উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে শুক্রবার রাতে ১-০ গোলে হেরে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে ফেলে বিরতির পর অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি তারা।

২০০৪ সালের পর এই প্রথম হাঙ্গেরির বিপক্ষে হারল জার্মানি। আর গত বছরের অগাস্টে দায়িত্ব নেওয়ার পর জার্মানির ডাগআউটে ফ্লিক প্রথমবারের মতো হারের তেতো স্বাদ পেলেন।

এই ম্যাচ হেরে চার দলের ফাইনালসে ওঠার আশাও শেষ হয়ে গেছে জার্মানির।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিকের কণ্ঠে ফুটে উঠল সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা। বললেন, এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কাতার বিশ্বকাপে কাজে লাগাবেন তারা।

“এই হার আমাদের কক্ষপথ থেকে ছিটকে দেবে না। এখন আমরা জানি যে আমাদের কী প্রয়োজন এবং এটা আমাদের চোখও কিছুটা খুলে দিয়েছে। বিশ্বকাপে গিয়ে হারার চেয়ে এখন হেরে যাওয়াই ভালো।”

“আমাদের প্রথমার্ধের পারফরম্যান্স সত্যিই খারাপ ছিল। মাঠের নিয়ন্ত্রণ নিতে আমরা যথেষ্ট চেষ্টা করিনি, আত্মবিশ্বাস ছাড়াই খেলেছি এবং অনেক মৌলিক ভুল করেছি। বিরতির পর পারফরম্যান্স অনেক ভালো ছিল, যদিও আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছি।”’

ফ্লিকের কোচিংয়ে প্রথম আট ম্যাচ জয়ের পর টানা চারটি ড্র করে জার্মানি। এরপর গত ১৪ জুন নেশন্স লিগেই তারা ৫-২ গোলে উড়িয়ে দেয় ইতালিকে। ফ্লিকের হাত ধরে সব মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

হাঙ্গেরির বিপক্ষে হার এবং তাতে শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই খারাপ লাগছে দলের সবার। তবে জার্মান মিডফিল্ডার ইয়োনাস হফমান মনে করেন, এই হারে তাদের জন্য সবকিছু শেষ হয়ে যাবে না।

“আজকের রাতটা ভালো কাটল না। তবে এই হারে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে না। নিঃসন্দেহে এই রাত হতাশাজনক, তবে এজন্য আমরা দমে যাব না।”

ম্যাচে বল নিয়ন্ত্রণে আধিপত্য ছিল জার্মানির। তবে অধিকাংশ সময় তাদের স্বস্তিতে দেখা যায়নি। কৌশলগত দিক থেকে একটা জুয়া খেলেছিলেন ফ্লিক, যা কাজে লাগেনি। মিডফিল্ডার হফমানকে পজিশন বদলে ব্যবহার করেন রাইট-ব্যাক হিসেবে। ভিন্ন ভূমিকায় স্বাছন্দ্যে ছিলেন না তিনি।

ম্যাচের পর জার্মান টিভি চ্যানেল ‘জেডডিএফ’-এর কাছে নিজের সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটাও মেনে নেন ফ্লিক।

“আমরা ইয়োনাসকে (হফমান) রাইট-ব্যাক পজিশনে খেলানোর চেষ্টা করেছি। আমাকে এর দায় নিতে হবে।”

নেশন্স লিগে নিজেদের গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে জার্মানি। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি, তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইতালি। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।

আগামী সোমবার টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ফ্লিকের দলের প্রতিপক্ষ ইংল্যান্ড।