২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনাল ছেড়ে বার্সায় ফিরলেন বেইয়েরিন

আগামী জুন পর্যন্ত কাম্প নউয়ে খেলবেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 03:22 PM

Updated : 02 Sep 2022, 04:21 PM

সের্জিনো দেস্তকে ধারে এসি মিলানে পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যে আরেক ডিফেন্ডার এক্তর বেইয়েরিনকে দলে টেনেছে বার্সেলোনা। আর্সেনালের সঙ্গে চুক্তি ভেঙে দিয়ে পুরনো ঠিকানায় ফিরলেন এই স্প্যানিয়ার্ড।

দলবদলের শেষ দিন বৃহস্পতিবার শেষ বেলায় যুক্তরাষ্ট্রের ফুল-ব্যাক দেস্তকে ছাড়ার ঘোষণা দেওয়ার তিন ঘণ্টার মধ্যে বেইয়েরিনকে ফেরানোর কথা জানায় বার্সেলোনা।

চুক্তি অনুযায়ী, কাম্প নউয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত খেলবেন ২৭ বছর বয়সী বেইয়েরিন।

বার্সেলোনার ‘লা মাসিয়া’ একাডেমিতে বেড়ে ওঠা বেইয়েরিন ২০১১ সালে পাড়ি জমান আর্সেনালে। সেই থেকে ইংলিশ ক্লাবটিতেই ছিলেন তিনি। তবে, গত মৌসুমটা ধারে কাটান রিয়াল বেতিসে এবং সেখানে জেতেন কোপা দেল রে।

আর্সেনালের মূল দলের হয়ে ২৩৯ ম্যাচ খেলা বেইয়েরিন সেখানে জিতেছেন তিনটি এফএ কাপ শিরোপা।

এই মৌসুমে লা লিগায় তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। পরের ম্যাচে শনিবার সেভিয়ার মাঠে খেলবে তারা।