০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

জয়ে লিগ শুরু শেখ রাসেলের

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পেরে ওঠেনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 04:53 PM

Updated : 23 Dec 2023, 05:08 PM

শুরুতেই পিছিয়ে পড়ল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বিরতির আগ মুহূর্তে তারা পরিণত হলো ১০ জনের দলে। ধাক্কা সামলে যদিও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দলটি, কিন্তু আত্মবিশ্বাসী শেখ রাসেল ক্রীড়া চক্রকে আটকাতে পারেনি তারা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার ২-১ গোলে জিতে প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে শেখ রাসেল। সোলেমানি ল্যান্ড্রি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটেন্ডা গ্যানিউ। শেখ জামালের হয়ে ব্যবধান কমান শোখরুখবেক খোলমাতোভ। 

লিগের দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলতে থাকে শেখ রাসেল। চতুর্থ মিনিটেই আক্রমণ শাণায় তারা। কিন্তু ল্যান্ড্রির ক্রসে ছয় গজ বক্সে স্লাইড করে ক্লিয়ার করেন ডিফেন্ডার শাকিল হোসেন। 

পরের মিনিটেই কাঙ্ক্ষিত গোল তুলে নেয় ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেল। কোডাই লিডারের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন সুমন রেজা। এই ফরোয়ার্ডের পাসে অন্যপ্রান্তে থাকা ল্যান্ড্রি অনায়াসে লক্ষ্যভেদ করেন। 

ষোড়শ মিনিটে তানভীরের লং পাস নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে শাহীন মিয়া শটও নেন, কিন্তু আগুয়ান শেখ জামাল গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতমের গায়ে লেগে বল চলে যায় বাইরে। 

প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কাটা খায় শেখ জামাল। সতীর্থের পাস ধরে ছুটছিলেন সারোয়ার জাহান নিপু, কিন্তু পেছন থেকে তাকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন মাহমুদুল হাসান কিরণ। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। কর্নারে নাইজেরিয়ান ফরোয়ার্ড গ্যানিউয়ের হেডে তেমন গতি ছিল না, কিন্তু বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। 

৫৯তম মিনিটে শেখ জামালকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন খোলমাতোভ। সতীর্থের হেড পাসে বক্সে ফাঁকায় বল পেয়ে যান উজবেকিস্তানের এই ডিফেন্ডার; ঠাণ্ডা মাথার শটে পরাস্ত করেন মিতুল মার্মাকে। 

সমতায় ফিরতে মরিয়া শেখ জামালের ভালো একটা সুযোগ নষ্ট হয় ৮০তম মিনিটে। ভ্লাদিমিরের হেড মিতুল ফেরানোর পর ফয়সাল আহমেদ ফাহিমের আড়াআড়ি ক্রসে বল পেয়েছিলেন ইগর লেইতে; কিন্তু বাইরে মেরে হতাশ করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে সরাসরি লাল কার্ড দেখেন শেখ রাসেলের মেসিডোনিয়ান কোচ জুগোস্লাভ ট্রেনচোভস্কি। ওই ফ্রি কিক থেকে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন শেখ জামালকে স্বস্তি এনে দিতে পারেননি লেইতে, তার শট বাধা পায় রক্ষণ দেয়ালে।