দুয়ো, ইঁদুরের ছবি, অপমান, সব ছাপিয়ে নায়ক গার্সিয়া
পুরোনো ক্লাবের মাঠে ফিরে প্রবল বিরূপ আচরণ পেয়েছেন বার্সেলোনার গোলকিপার, কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে তিনিই জয়ের নায়ক।
গা গরমের সময়ই গ্যালারি থেকে ভেসে আসছিল দুয়োর সুর। সেটা চলল লম্বা সময়। দর্শকদের হাতে ছিল ইঁদুরের ছবি, ব্যাংক নোটের বড় ছবি, অপমানজনক ও আক্রমণাত্মক নানা কথা লেখা ব্যানার। সবকিছুই ছিল স্রেফ একজনকে ঘিরে। এস্পানিওলের সমর্থকদের কাছে যিনি এখন বিশ্বাসঘাতক ও খলনায়ক। কিন্তু বার্সেলোনার জন্য তিনি এখন ভরসা। এই ম্যাচেও ফুটে উঠল তা। প্রতিকূল আবহকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জ্বলে উঠলেন জোয়ান গার্সিয়া।
স্কোরশিটে নাম উঠেছে দানি ওলমো ও রবের্ত লেভানদোভস্কির। তবে এস্পানিওলের মাঠে বার্সেলোনার ২-০ গোলের জয়ে মূল নায়ক গার্সিয়াই। গোলপোস্টে তিনি ছিলেন যেন দুর্ভেদ্য এক দেয়াল।
এই মাঠ, এই আঙিনা তার খুবই চেনা। এখন প্রতিপক্ষের মাঠ হলেও অনেক বছর এটিই ছিল তার আপন। বার্সেলোনা শহরের ক্লাব দাম থেকে ১৫ বছর বয়সে এস্পানিওলের একাডেমিতে আসেন গার্সিয়া। পরে যুব দল, ‘বি’ দল হয়ে মূল দলে আসেন। হয়ে ওঠেন ক্লাবের আস্থার প্রতীক। সমর্থকদের কাছেও ছিলেন সমাদৃত।
এই ক্লাবের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে গত জুনে বার্সেলোনায় নাম লেখান গার্সিয়া। ব্যস, এস্পানিওলের সমর্থকদের মন থেকেও উঠে যান তিনি। নতুন ক্লাবে যাওয়ার পর পুরোনো ঠিকানায় ফিরলেন তিনি এই প্রথম। সেজন্যই তাকে ‘অভ্যর্থনা’ জানানোর এত আয়োজন।
কিন্তু এসব তাকে বিচলিত করতে পারেনি। বরং আরও উজ্জীবিত হয়ে মেলে ধরেছেন ম্যাচ জেতানো পারফরম্যান্স। থামিয়ে দিয়েছেন এস্পানিওল সমর্থকদের দুয়ো আর অপমানের সব স্লোগান।
বার্সেলোনার গোল দুটি হয় নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে। তবে ৮৫ মিনিট পর্যন্ত দলকে ম্যাচে জিইয়ে রাখেন গার্সিয়া। গোটা ম্যাচে গোলে ১৩টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে এস্পানিওল। কিন্তু একটিও জালের ছোঁয়া পায়নি গার্সিয়ার অসাধারণ পারফরম্যান্সে। ম্যাচ-সেরার পুরস্কার পান তিনিই।
কোচ হান্সি ফ্লিকের কণ্ঠেও সবার আগে উঠে এলো জয়ের নায়কের নাম।
“প্রথম যে কাজটি করতে হবে, তা হলো জোয়ান গার্সিয়াকে ধন্যবাদ দেওয়া। বিশ্বের সেরা গোলকিপারদের একজন সে। আমরা ভুগেছি মাঠে, তবে তিনটি পয়েন্ট পেয়েছি এবং লা লিগাকে সেই বার্তাই দিচ্ছি।”
এস্পানিওল সমর্থকদের বিরূপ আচরণ নিয়ে গার্সিয়ার সঙ্গে আলাদা করে কথা বলেন কোচ। তবে কোচ জানালেন, এই গোলকিপার নিজে থেকেও শক্ত মানসিক অবস্থায়ই ছিলেন।
“অবশ্যই কথা বলেছি তার সঙ্গে। তবে তাকে ধীরস্থিরই দেখেছি, বরাবরের মতো। খুবই মনোযোগী ও আত্মবিশ্বাসী। বিশ্বের সব দুর্দান্ত দলেরই গোলকিপার থাকে সেরাদের কাতারে, সে তাদেরই একজন।”
“দুর্দান্ত (মানসিকতা) দেখিয়েছে…। আমার মনে হয়, সে অবশ্যই ভুলবে না এখানে যা করেছে। এস্পানিওলের হয়ে সে এত বছর খেলেছে, তারা সুযোগ করে দিয়েছে তাকে। এখন সে আমাদের হয়ে খেলছে এবং তার কারণে আমরা জিততে পেরেছি।”
এই জয়ের পর ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সাত পয়েন্ট পেছনে থেকে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
