স্প্যানিশ ফুটবল
Published : 14 May 2025, 08:21 PM
কোপা দেল রের ফাইনালের পর থেকে আর মাঠে দেখা যায়নি রদ্রিগোকে। তার ফিটনেস ও রেয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে ডালপালা মেলছে নানা গুঞ্জন। সেসব উড়িয়ে দেওয়ার পাশাপাশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
গত ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে প্রথমার্ধের পর রদ্রিগোকে আর মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। সেখানে ১২০ মিনিটের লড়াইয়ে ৩-২ গোলে হেরে যায় রেয়াল মাদ্রিদ।
এরপর লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে স্কোয়াডে ছিলেন না তিনি। আনচেলত্তি জানিয়েছিলেন, ভাইরাসজনিত অসুস্থতার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।
গত রোববার লিগে বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্কোয়াডে থাকলেও তাকে খেলানো হয়নি। ওই লড়াইয়ে ৪-৩ গোলে হেরে শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে যায় রেয়ালের।
তখন স্প্যানিশ সংবাদমাধ্যমে বলা হয়, ‘শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত না থাকায়’ রদ্রিগো নিজেই ক্লাসিকোয় তাকে না খেলানোর জন্য কোচের কাছে অনুরোধ করেছিলেন।
মঙ্গলবার ১৫ মিনিট অনুশীলন করার পরই তিনি মাঠ ছাড়েন পায়ে অস্বস্তি অনুভব করায়, যা তাকে ঘিরে জল্পনা আরও বাড়িয়ে দেয়। আসন্ন দলবদলে তিনি সান্তিয়াগো বের্নাবেউ ছাড়তে পারেন বলেও খবর প্রকাশিত হয় স্প্যানিশ সংবাদমাধ্যমে।
লিগে বুধবার মায়োর্কার মুখোমুখি হবে রেয়াল। অনুশীলনে চোট পাওয়ার পর এই ম্যাচের স্কোয়াডে নেই রদ্রিগো। এদিন সামাজিক মাধ্যমে একটি থেরাপি ডিভাইসের ভেতরে রাখা নিজের দুই পায়ের ছবি পোস্ট করে ২৪ বছর বয়সী ফুটবলার লিখেছেন, শিগগিরই তিনি মাঠে ফিরবেন।
“সকল বার্তা ও (আমাকে নিয়ে) ভাবনার জন্য ধন্যবাদ। আমি শিগগিরই ফিরে আসব। গুজব ছড়ানো বন্ধ করুন।”
রেয়ালের খুব বাজে সময় কাটানো এই মৌসুমে খেলার সুযোগ অবশ্য কম পাননি রদ্রিগো। তবে পারফরম্যান্সে নিজেকে সেভাবে তিনি মেলে ধরতে পারেননি গত দুই মৌসুমের মতো।
২০২২-২৩ মৌসুমে ১৯ গোলের পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেছিলেন ১০টি। গত মৌসুমে ১৭ গোলের পাশে অ্যাসিস্ট ছিল ৮টি। সেখানে এবার এখন পর্যন্ত তিন হাজার ৩৩১ মিনিট খেলে ১৪ গোলের সঙ্গে অ্যাসিস্ট ৯টি।
মৌসুমে লিগে রেয়ালের ম্যাচ বাকি আছে তিনটি। এরপর হবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ।