বিশ্বকাপ বাছাই
Published : 19 Mar 2025, 06:50 PM
বিশ্বকাপ বাছাইয়ে একটু অস্বস্তিতে থাকা ব্রাজিলের জন্য সামনে অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। এক ম্যাচে প্রতিপক্ষ কোপা আমেরিকা রানার্সআপ কলম্বিয়া, অন্যটিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না ব্রুনো গিমারাইস। প্রতিদিন সিংহের মতো লড়াইয়ের অভিজ্ঞতা থেকে ব্রাজিল দলের সবাই যে কোনো চাপ সামলাতে প্রস্তুত বলে মনে করেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। পাঁচ দিন পর মুখোমুখি হবে আর্জেন্টিনার।
১২ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ব্রাজিল। ১৯ পয়েন্ট নিয়ে চারে কলম্বিয়া। আর ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
বাছাইপর্বে দরিভাল জুনিয়রের দল খুব একটা স্বস্তিতে নেই। এরই মধ্যে চার ম্যাচে হেরেছে তারা, ড্র করেছে তিনটিতে। ব্যর্থতার জাল ছিঁড়ে স্বরূপে ফেরার পথে অভিজ্ঞ খেলোয়াড়দের অনেককেই পাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্রেফ ৩২ ম্যাচ খেলেই দলটির অভিজ্ঞ খেলোয়াড়দের একজন গিমারাইস। বর্তমান দলে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল চার জন।
অভিজ্ঞতার ঘাটতিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না গিমারাইস। এই মিডফিল্ডার মনে করেন, ব্রাজিলের খেলোয়াড়রা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে অভ্যস্ত।
“ব্রাজিল জাতীয় দলের জার্সি পরা সবাই চাপ সামলাতে অভ্যস্ত। প্রতিটা দিন তাদের সিংহের মতো লড়াই করতে হয়, সেটা জাতীয় দল হোক কিংবা ক্লাব। আমরা বিশ্বের সবচেয়ে ভারী জার্সিটা পরি।”