২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মারাত্মক ভুল করা এস্পার্তের পাশে ফ্লিক

লেভান্তের প্রথম গোলের জন‍্য নিজেকেই দায় দিচ্ছেন বার্সেলোনা কোচ।

মারাত্মক ভুল করা এস্পার্তের পাশে ফ্লিক
শাভি এস্পার্ত। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 04:30 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

ম‍্যাচের শুরুতে যিনি ছিলেন নায়ক, শেষটায় তিনিই হতে বসেছিলেন খলনায়ক! তবে শাভি এস্পার্তের অম্লমধুর দিনে তার পাশে দাঁড়ালেন কোচ হান্সি ফ্লিক।

লা লিগার ম‍্যাচে রোববার লেভান্তের বিপক্ষে ৪-২ ব‍্যবধানের জয় পায় বার্সেলোনা।

ম‍্যাচের শুরুতে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের প্রথম গোলটি করেন এস্পার্ত। সিনিয়র ক‍্যারিয়ারে এটাই এই লেফট ব‍্যাকের প্রথম গোল। পরে জোড়া গোল করেন লামিন ইয়ামাল।

৩-০ ব‍্যবধানে এগিয়ে থেকে সহজ জয়ের পথে ছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে এস্পার্তের দুর্বল ব‍্যাকপাস ধরে জাল খুঁজে নেন আইভান রোমেরো। ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেন কিংবা গোলরক্ষক জোয়ান গার্সিয়ার কিছু করার ছিল না। 

পরে আরেকটি গোল করে ড্রয়ের আশা জাগায় লেভান্তে। তবে যোগ করা সময়ে কারিম আডেইয়েমির গোলে ফের দুই গোলের ব‍্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। 

ম‍্যাচ শেষে লেভান্তের প্রথম গোলের জন‍্য এস্পার্ত নয়, নিজেকেই দায় দিলেন ফ্লিক।

“প্রথম গোল ছিল আমার ভুল। আমরা পরিবর্তন চেয়েছিলাম এবং এস্পার্ত এটার জন‍্য অনুরোধও করেছিল কিন্তু আমরা একটু অপেক্ষা করতে চেয়েছিলাম। তবে আমি খুশি, আমরা জিতেছি এবং ম‍্যাচের শুরুটা দারুণ করেছিলাম।”

আডেইয়েমি গোল করার আগ পর্যন্ত বেশ চাপে ছিল বার্সেলোনা। তৃতীয় গোলের জন‍্য মরিয়া ছিল লেভান্তে। সেই সময় দলে স্বস্তি ফেরানো আডেইয়েমিকে প্রশংসায় ভাসালেন কোচ।

“আডেইয়েমিকে নিয়ে আমি অবাক হইনি। যখন মনোযোগী থাকে, তখন সে দুর্দান্ত এক খেলোয়াড়। আপনারা সেটাই দেখবেন। 

“এ কারণেই আমরা তাকে এনেছি। অনেক বছর ধরে আমি তাকে চিনি। আমরা জানি, সে কী দিতে পারে। তার মধ‍্যে বিশেষ একটা কিছু আছে, তাকে সেটা অবশ‍্যই দেখাতে হবে। তার এখন বিশ্রাম নিলে হবে না, তাকে পরের কাজটার জন‍্য ছুটতে হবে আর তার কাছ থেকে আমি সেটাই চাই।”    

৫ ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।