২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স পরিষ্কার ফেভারিট? 'নতুন কিছু তো নয়', বললেন স্পেন কোচ

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, বিশ্বকাপ অভিযানে এই তকমার কোনো ভূমিকা নেই।

ফ্রান্স পরিষ্কার ফেভারিট? 'নতুন কিছু তো নয়', বললেন স্পেন কোচ
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 03:20 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

কোনো দলই যেন দাঁড়াতে পারছে না ফ্রান্সের সামনে। দিদিয়ে দেশোঁর অপ্রতিরোধ‍্য এই দলটাই কি আসরের পরিষ্কার ফেভারিট? স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে এটা নতুন কোনো কিছু নয়। আগে থেকেই শীর্ষ ফেভারিট ফ্রান্স। তবে এই তকমার কোনো ভূমিকা বিশ্বকাপে দেখেন না দে লা ফুয়েন্তে।

টানা চার ম‍্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। অনেকেই তারকাখচিত দলটিকে হারানোর মতো প্রতিযোগী এই আসরে দেখেন না। তবে আলোচনার খুব গভীরে যেতে চাইলেন না স্পেন কোচ।

“(ফ্রান্স পরিষ্কার ফেভারিট কিনা?) হ‍্যাঁ। তবে এটা নতুন কিছু নয়।  তারা দারুণ ছন্দে থাকার পরও এটা কোনো কিছুর নিশ্চয়তা দিচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব‍্যাপার হচ্ছে ১৯ তারিখের ফাইনাল। আর আমাদের জন‍্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম‍্যাচ।”

লস অ‍্যাঞ্জেলসে বৃহস্পতিবার রাত ১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। 

গণমাধ‍্যমের মুখোমুখি হয়ে তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল দাবি করেছিলেন, ছন্দ খুঁজে পেলে স্পেনকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। তার মন্তব‍্যে আপত্তির কিছু দেখেন না কোচ।

“সে আশাবাদী এবং নিজের ও সতীর্থদের সামর্থ‍্যে খুব আত্মবিশ্বাসী। আমরা নিজেদের সম্ভাবনা জানি। তার কথা ইতিবাচক।

“আমরাই নিজেদের সবচেয়ে বড় সমালোচক। আমাদের একটি প্রক্রিয়ার মধ‍্য দিয়ে যেতে হবে, প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। আর আমরা সেই পথেই আছি। আর এখানে আসার পর আমরা উন্নতি করছি। এখন পর্যন্ত যা দেখেছি তাতে আমি খুশি। তবে এখন ভুল করার কোনো সুযোগ নেই।”

নিজেদের ম‍্যাচগুলো জিতলে সেমি-ফাইনালে দেখা হবে ফ্রান্স ও স্পেনের।