১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২ সপ্তাহের জন্য মিলিতাওকে হারাল রেয়াল মাদ্রিদ

ক্লাবের সামনের চারটি ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

২ সপ্তাহের জন্য মিলিতাওকে হারাল রেয়াল মাদ্রিদ
এদের মিলিতাও। ছবি: রেয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

রেয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। পেশির চোটে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও।

লিলে মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের ১-১ ড্র প্রীতি ম্যাচের ৫৮তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মিলিতাও। তার ক্লাব রেয়াল পরদিন এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় ২৭ বছর বয়সী এই ফুটবলারের ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।

তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

রেয়ালের পরের চার ম্যাচে এলচে, অলিম্পিয়াকোস, জিরোনা ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না মিলিতাও। আগামী ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি সেরে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। 

এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) দুটি চোটে গত দুই বছরে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল মিলিতাওকে। 

লা লিগায় আগামী রোববার এলচের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে শাবি আলোন্সোর দল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে বার্সেলোনা।