ম্যাচ হেরে কোচ বললেন, ‘জয় প্রাপ্য ছিল রেয়াল মাদ্রিদের’
ভালেন্সিয়ার কাছে ম্যাচ হেরে গেলেও রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলছেন, “যে কোনো ধরনের সমালোচনা করতে পারেন, তবে আমি যা দেখি, তা বলার অধিকার আমার আছে।”
১৭ বছর পর সান্তিয়াগো বের্নাবেউয়ে ভালেন্সিয়ার জয়! শেষ বাঁশি বাজার পর ভালেন্সিয়ার ফুটবলার ও স্টাফদের উল্লাস ও লাফালাফিতেই ফুটে উঠছিল, এই জয়ের মূল্য তাদের কাছে কতটা। রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বলছেন, জেতা উচিত ছিল তার দলেরই। শেষ সময়ে গোল হজম করে হেরে গেলেও দল খারাপ খেলেনি বলেই মনে করেন কোচ।
লা লিগার ম্যাচটিতে শনিবার ভালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় রেয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে ম্যাচের শুরুর দিকেই হতাশায় পুড়তে হয় রেয়ালকে। ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিউস জুনিয়র। উল্টো এর পরই কর্নার থেকে মোক্তার দিয়াখাবির হেডের গোলে এগিয়ে যায় ভালেন্সিয়া।
এরপরই অবশ্য নিজেদের জালে বল পাঠিয়েছিলেন দিয়াখাবি। তবে কিলিয়িান এমবাপে অফসাইডে থাকায় গোল হয়নি।
ভিনিসিউস দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতায় ফেরান দলকে। তবে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে দারুণ জয়ের উল্লাস মেতে ওঠে ভালেন্সিয়া।
ম্যাচের পর আনচেলত্তি বললেন, ছোট ছোট ব্যাপারগুলি একটু অন্যরকম হলে ম্যাচ জিততে পারত তার দলই। দলের মানসিকতায় কোনো সমস্যাও দেখেন না রেয়াল কোচ।
“ছোট ছোট ব্যাপারগুলি বিবেচনায় নিতে হবে আমাদের। যেমন পেনাল্টিতে গোল করতে না পারা, সেট পিস থেকে ওদের গোল, একটি গোল বাতিল হওয়া… এই ধরনর ছোট ব্যাপারগুলি ম্যাচের চিত্র বদলে দেয়। ভালেন্সিয়া তাদের খেলাটা খেলেছে, দারুণ কাজ করেছে। তবে জয় মাদ্রিদের প্রাপ্য ছিল, কোনো সংশয় নেই এখানে।”
“তারা কি আরও উন্নতি করতে পারে? অবশ্যই পারে। তবে মানসিকতার সমস্যা নেই। যে কোনো ধরনের সমালোচনা করতে পারেন। তবে আমি যা দেখি, তা বলার অধিকার আমার আছে। অনেক সময়ই পরাজয় আমাদের প্রাপ্য ছিল বা থাকে। তবে আজকে প্রাপ্য ছিল না। মানসিকতার কোনো ঘাটতি আজকে ছিল না।”
ম্যাচ হেরে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরেকটু পিছিয়ে পড়ল রেয়াল মাদ্রিদে। একই দিনে পরের ম্যাচে রেয়াল বেতিসের সঙ্গে ড্র করে পয়েন্ট হারায় বার্সেলোনাও। তবে আগেই তিন পয়েন্ট এগিয়ে থাকা কাতালানরা এখন এগিয়ে চার পয়েন্টে।
আগামী মাসে রেয়াল ও বার্সেলোনার লড়াই বড় ভূমিকা রাখতে পারে শিরোপার ফয়সালায়। এর আগেই অবশ্য ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে রেয়াল লড়বে আর্সেনালের মাঠে।
সামনের এই চ্যালেঞ্জগুলার জন্য দলকে তৈরি থাকতে হবে, বললেন আনচেলত্তি।
“লিগের শিরোপা লড়াইয়ে ভালোভাবে থাকার একটি সুযোগ হাতছাড়া করেছি আমরা। তবে বার্সেলোনার বিপক্ষে (কোপা দেল রে ফাইনাল) ও আর্সেনালের বিপক্ষে ম্যাচ হবে ভিন্ন। তারা অনেক বেশি আক্রমণ করবে। আমাদেরকে অবশ্যই রক্ষণে ভালো করতে হবে এবং আক্রমণভগে কার্যকর হতে হবে। মনোযোগ হারালে চলবে না।”
