Published : 24 Jul 2026, 11:15 PM
বিশ্বকাপ জয়ী রদ্রি পিঠের সমস্যার জন্য সোমবার অস্ত্রোপচার করাবেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির নতুন কোচ এন্টসো মারেস্কা। পাশাপাশি ব্যালন দ’র জয়ী এই তারকার ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।
গত রোববার স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন রদ্রি। কোনো গোল কিংবা অ্যাসিস্ট না করেও, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।
কিন্তু ক্লাব পর্যায়ে তার সবশেষ দুটি মৌসুম চোটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। আর গত মৌসুমে বেশ কয়েকটি সমস্যার কারণে তাকে নিয়মিত পায়নি সিটি।
বিশ্বকাপে তিনি সেরা ফর্মে ফেরেন। কিন্তু সিটির কোচ হওয়ার পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে মারেস্কা জানান, রদ্রির এখন অস্ত্রোপচার এবং এরপর সুস্থ হয়ে ওঠার জন্য সময় দরকার।
“সোমবার তার অস্ত্রোপচার হবে। এরপর তার ছুটি দরকার, বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার জন্য সময় লাগবে এবং তারপর সে আমাদের সঙ্গে যোগ দিতে ফিরবে।”
রদ্রি কবে ফিরতে পারেন, সে বিষয়ে মারেস্কা বিস্তারিত কিছু বলেননি। তবে গত সপ্তাহে রদ্রির রেয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়ার গুঞ্জন ওঠার পর, ইতিহাদ স্টেডিয়ামে এই স্প্যানিয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা উড়িয়ে দেন ইতালিয়ান কোচ।
“বড় খেলোয়াড়দের ঘিরে সবসময়ই জল্পনা-কল্পনা থাকে, তাই এটা নিয়ে আমি চিন্তিত নই।
“আমি মনে করি এটা স্বাভাবিক, কারণ তারা (স্পেন) বিশ্বকাপ জিতেছে এবং সে সেরা খেলোয়াড়দের একজন। আমার মনে হয়, প্রত্যেক ম্যানেজারই রদ্রিকে দলে পেতে চায়, কারণ সে শীর্ষমানের খেলোয়াড়।”