২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার সিটিকে আবার বিশাল অঙ্কের জরিমানা

একই অপরাধে এক বছর আগে আরও বড় শাস্তি পেয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ম্যানচেস্টার সিটিকে আবার বিশাল অঙ্কের জরিমানা
শিরোপাশূন্য মৌসুমে এখন ক্লাব বিশ্বকাপে ব্যস্ত ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 11:55 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

একবার নয়, দুবার নয়, ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে ৯টি ম্যাচ দেরিতে শুরু কিংবা বিরতির পর পুনরায় শুরুতে বিলম্ব করার দায় পড়েছে ম্যানচেস্টার সিটির কাঁধে। এজন্য ক্লাবটিকে ১০ লাখ পাউন্ডের বেশি জরিমানা করা হয়েছে।

আইন ভাঙার এই শাস্তি মেনে নিয়েছে সিটি কর্তৃপক্ষ এবং নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে এমন কিছু যেন আর না হয় সেজন্য খেলোয়াড় ও স্টাফদের ইতোমধ্যে করণীয় স্মরণ করিয়ে দিয়েছে তারা।

ইংল্যান্ডের শীর্ষ লিগে ম্যাচ ‘দেরিতে শুরু করার’ আইন ভাঙায় এক বছর আগে ২০ লাখ পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল।

এবার ঘরের মাঠে সাউথ্যাম্পটন, টটেনহ্যাম হটস্পার, নটিংহ্যাম ফরেস্ট, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এবং ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ইপ্সউইচ টাউনের মাঠে ম্যাচগুলোয় ওই আইন ভাঙায় সিটিকে মোট ১০ লাখ ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

এই ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্ট হ্যাম ও ইপ্সউইচের বিপক্ষে দুই মিনিট ২২ সেকেন্ড দেরিতে খেলা শুরু হয়েছিল।

কেবল মাঠের ফুটবল ঘিরে নয়, মাঠের বাইরের ঘটনা নিয়েও বড় সমস্যায় পড়তে পারে ম্যানচেস্টার সিটি। ২০০৯-২০২৩ পর্যন্ত সময়কালে আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে তদন্ত চলছে।